নেপালে পাঁচ দিন পর জীবিত তরুণ উদ্ধার


প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ৩০ এপ্রিল ২০১৫

নেপালে ভয়াবহ ভূমিকম্পের পাঁচ দিন পর বৃহস্পতিবার ১৮ বছর বয়সী এক তরুণকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রাজধানী কাঠমান্ডুর একটি বহুতল আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে ওই তরুণকে উদ্ধার করা হয়।
 
একটি মোটরসাইকেলের কারণে ওই তরুণের ওপর ধ্বংসস্তূপের কংক্রিট ও স্টিল এসে পড়েনি। মোটরসাইকেলটি ঢাল হিসেবে কাজ করেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের শব্দ ভেসে আসার পর পাঁচ ঘণ্টা তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

নেপাল পুলিশের ইন্সপেক্টর লক্ষ্মণ বানসেত তাকে উদ্ধারের পর বলেছেন, উদ্ধার হওয়া যুবকের নাম তামাং। তার শরীরে বড় ধরনের কোনো ক্ষত সৃষ্টি হয়নি। বর্তমানে তাকে একটি অস্থায়ী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
এদিকে, নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সেন্টার এ তথ্য দিয়েছে। মৃতের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে গতকাল দেশটির প্রধানমন্ত্রী সুশীল কৈরালা জানিয়েছেন। একইসঙ্গে তিনি তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেন।

উল্লেখ্য, গত শনিবার (২৫ এপ্রিল) ৭.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে নেপালে।
 
বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।