নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত


প্রকাশিত: ০৬:১১ এএম, ০৫ মে ২০১৫

ভূমিকম্পের ফলে ধ্বংসস্তুপে পরিণত হওয়া নেপালে  প্রাথমিক উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে দেশটির সরকার। একই সঙ্গে বিদেশি উদ্ধারকর্মীদের অভিযান গুটিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিধ্বংসী ভূমিকম্পের ৯ দিনের মাথায় সোমবার এ আহ্বান জানায় কাঠমান্ডু। পাশাপাশি ভারতের কাছে পুনর্গঠন ও পুনর্বাসন কাজে সহায়তা চেয়েছে দেশটি। খবর এএফপি, এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

গত ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে হিমালয়ের কোলঘেঁষা নেপালে। এতে পুরো দেশই লন্ডভন্ড হয়ে যায়। বেশি ক্ষতিগ্রস্ত হয় রাজধানী কাঠমান্ডুর পুরনো অংশটি। ভূমিকম্পে সোমবার পর্যন্ত সাত হাজার ৩০০ লোকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নেপাল কর্তৃপক্ষ। পরে নেপাল সরকারের আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের ৩৪টি দেশের চার হাজার ৫০ জন উদ্ধারকর্মী নেপালে যান।

নেপালের তথ্যমন্ত্রী মিনেন্দ্র রিজাল বলেন, কাঠমান্ডু ও আশপাশের এলাকায় বড় ধরনের উদ্ধার কাজ শেষ হয়েছে। বাকি যেটুকু কাজ আছে তা নেপালের নিজস্ব উদ্ধারকর্মীরাই সারতে পারবেন। তবে প্রত্যন্ত গ্রামাঞ্চল ও পাহাড়ি এলাকায় উদ্ধার তৎপরতা এখনও বাকি আছে। বিদেশি উদ্ধারকারীরা সেসব এলাকায় স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর উদ্ধারকারী দলের সঙ্গে কাজ করতে পারবেন বলেও জানান তথ্যমন্ত্রী। নেপালের এ আহ্বানের পর সোমবারই জাপান, তুরস্ক, ব্রিটেন, ইউক্রেন ও নেদারল্যান্ডসের উদ্ধারকারী দলগুলো কাঠমান্ডু ত্যাগের প্রস্তুতি নিতে শুরু করে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, নেপালের এখন ধ্বংসস্তূপ সরানোর ভারী সরঞ্জাম প্রয়োজন। পুনর্বাসন ও পুনর্গঠন কাজে তারা ভারতের সহায়তা চেয়েছে। ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং টিম শিগগির সেখানে যাবে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।