এবার ৫০০ অভিবাসীকে তাড়িয়ে দিল মালয়েশিয়া
মালয়েশিয়ার নিকটবর্তী লঙ্কাউই দ্বীপ থেকে ১ হাজারেরও বেশি সংখ্যক বাংলাদেশি ও রোহিঙ্গাদের বহন করা একটি নৌকা উদ্ধারের পর দেশটি উপকূলে নজরদারি বাড়িয়েছে। বুধবার আবার পাঁচ শতাধিক বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমকে সাগরে দেখার পর মালয়েশিয়া উদ্ধার না করে তাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে দেশটির উপ স্বরাষ্ট্রমন্ত্রী ওয়ান জুনাইদি জাফর।
বৃহস্পতিবার এক বিবৃতিতে মন্ত্রী জুনাইদি জাফর বলেন, মালয়েশিয়ার উপকূল অভিবাসীতে ভরে গেলে তা বহন করার সামর্থ্য দেশটির নেই। তাই আমরা তাদের দেখতে পাওয়ার পর জানিয়ে দিয়েছি যে তোমরা এখানে আসতে পারবে না।
জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থার হিসেব মতে, মালয়েশিয়ায় দেড় লাখ শরণার্থী ও উদ্বাস্তু রয়েছেন। এদের মধ্যে ৪৫,০০০ জনই মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়।
এ প্রসঙ্গে মন্ত্রী জুনাইদি জাফর আরো বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে মিয়ানমার সরকারের ওপর আরো চাপ বাড়ানো দরকার।
বৌদ্ধ প্রধান মিয়ানমার গণতন্ত্রের কথা বলছে আর তার নাগরিকদের সাথে ক্রিমিনালের মত আচরণ করছে বলেও মন্তব্য করেন তিনি।
জেআর/এএইচ/পিআর