অভিবাসীদের জন্য শরণার্থী শিবির বাড়াবে থাইল্যান্ড
সমুদ্রপথে অবৈধভাবে আসা অভিবাসীদের জন্য আরো অস্থায়ী শরণার্থী শিবির বাড়ানোর ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। স্থানীয় পত্রিকা ব্যাংকক পোস্ট জানায় বৃহস্পতিবার এই ঘোষণা দেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুৎ চান ওচা।
জানা যায়, সম্প্রতি সমুদ্রাঞ্চল থেকে প্রচুর সংখ্যক বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমকে উদ্ধারের ঘটনায় এ ঘোষণা দেন তিনি। প্রায়ুৎ বলেন, অল্প সময়ের জন্য এই সেবা দেওয়া হবে। এগুলো কখনোই অবৈধ অভিবাসীদের জন্য স্থায়ী শিবির হিসেবে ব্যবহৃত হবে না।
এ সময় সমুদ্রপথে থাইল্যান্ড সীমান্তে প্রবেশকারী বিদেশগামীদের স্পষ্টভাবে অবৈধ বলে উল্লেখ করেন তিনি।
দেশটিতে বর্তমানে নয়টি শরণার্থী শিবিরে প্রায় ৫ লাখ অবৈধ অভিবাসী রয়েছে। এ সংখ্যা কমিয়ে এক লাখে আনা হবে বলেও উল্লেখ করেছেন প্রায়ুৎ।
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও উন্নত রাষ্ট্রগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, তৃতীয় বিশ্বের দেশে যাওয়ার কথা বন্ধ করুন। কেউ তাদের (অবৈধ বিদেশগামী) গ্রহণ করবে না। কিন্তু সবাই চাচ্ছে পরিবহন রুট তৈরি করে আমাদের ওপর এর দায়ভার চাপিয়ে দিতে। এটা কি ঠিক?
তিনি আরো বলেন, রোহিঙ্গাসহ বিদেশগামীদের পরিবহন রুট হিসেবে থাইল্যান্ড তাদের অস্থায়ীভাবে রাখার দায়িত্ব অস্বীকার করে না। কিন্তু অন্য দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে সহযোগিতা করতে হবে।
আগামী ২৯ মে ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘ভারত সাগরে অবৈধ অভিবাসন’ সংক্রান্ত সম্মেলনে বিষয়টি নিয়ে বিভিন্ন রাষ্ট্র ও সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি।
এসকেডি/আরএস/পিআর