চূড়ান্ত পরমাণু চুক্তি নিয়ে আশাবাদ ইরানের
তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর চূড়ান্ত চুক্তির বিষয় আশাবাদ ব্যক্ত করেছেন ইসলামী প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ। শুক্রবার জার্মান সাময়িকী ডার স্পাইগেলকে দেয়া সাক্ষাৎকারে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, চলমান আলোচনায় অপর পক্ষ যদি আন্তরিকতা দেখায় তবে এ চুক্তি হতে পারে। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সম্ভাব্য চূড়ান্ত পরমাণু চুক্তিকে হুমকি হিসেবে মনে করায় এ সাক্ষাৎকারে সৌদি আরবের শাসক গোষ্ঠীরও কঠোর সমালোচনা করেন জারিফ।
সম্প্রতি সৌদি আরবের আক্রমণাত্মক মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ইরানের সম্ভাব্য চূড়ান্ত পরমাণু চুক্তি নিয়ে কেউ কেউ মনে হয় আতংকে ভুগতে শুরু করেছেন।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চূড়ান্ত চুক্তির বিষয়ে চার দিন ধরে আলোচনা অব্যাহত রেখেছে ইরান এবং জার্মানি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীনকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠী।
এআরএস/এমএস