সারদাকাণ্ড : ১৫ দিনের মধ্যে চূড়ান্ত চার্জশিট


প্রকাশিত: ০৭:০৬ এএম, ২০ মে ২০১৫

ভারতের বহুল আলোচিত সারদাকাণ্ডের তদন্ত শেষ হয়েছে। চলছে সারদা রিয়েলটি মামলায় চূড়ান্ত চার্জশিট দাখিলের প্রস্তুতি। সূত্র জানায়, আগামী ১৫ দিনের মধ্যেই মামলার চূড়ান্ত চার্জশিট জমা দেবে সিবিআই। কিন্তু সারদাকাণ্ডে সিবিআই যতোটা গর্জে ছিল, ততোটা কি বর্ষিবে? কাদের নাম থাকছে সেই চূড়ান্ত চার্জশিটে ?  

সূত্রের খবর, সেবি ও রেজিস্ট্রার অব কোম্পানিজের কয়েকজন বর্তমান ও প্রাক্তন পদস্থ কর্মকর্তার নাম থাকছে চার্জশিটে। থাকছে বুম্বা ওরফে অরিন্দম দাসসহ সারদার কয়েকজন এজেন্ট ও কর্মীর নাম। আরো থাকতে পারে রাজনৈতিকভাবে প্রভাবশালী এক ব্যক্তির নামও। তবে নাম থাকছে না কোনো রাঘববোয়ালেরই।  

সারদা তদন্তের নির্দেশ দেওয়ার সময় সুপ্রিম কোর্ট বলেছিল, খুঁজে বের করতে হবে বৃহত্তর ষড়যন্ত্র। শেষমেশ লাভবান হয়েছিলেন কোন প্রভাবশালীরা, জানাতে হবে তাও। সিবিআই যে চূড়ান্ত চার্জশিট দিতে চলেছে, তাতে আদৌ দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশ সঠিকভাবে পালন হবে কি-না সে নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

সম্প্রতি বিরোধী দলের নেতারা অভিযোগ করেছেন, রাজ্যসভায় জমি বিলসহ একাধিক বিল পাশ করাতে হলে তৃণমূলের সমর্থন দরকার শাসক বিজেপির। সেকারণেই মোদি-মমতা বৈঠকে তৈরি হয়েছে নতুন সমীকরণ। এর জেরেই ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে সারদা-তদন্ত, এমন আশঙ্কাও প্রকাশ করেছেন তারা।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।