জর্জিয়ার সাবেক প্রেসিডেন্টের নাগরিকত্ব ত্যাগ
জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলি নিজ দেশের নাগরিকত্ব ত্যাগ করে ইউক্রেইনের নাগরিকত্ব গ্রহণ করেছেন। অন্যদিকে, ইউক্রেইনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো গত শনিবার তাকে দেশটির ওডেসা অঞ্চলের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছেন।
২০১৩ সালে নিজের প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হওয়ার পর জর্জিয়া ছাড়েন সাকাশভিলি। জর্জিয়ার মৌলিক সংস্কারের জন্য সাকাশভিলিকে কৃতিত্ব দেয়া হলেও তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। তবে, অভিযোগগুলোকে ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ আখ্যা দিয়ে সেগুলো অস্বীকার করেছেন তিনি। তিনি বলেন, ‘আজ আমার জন্য বাস্তবতা হল, জর্জিয়ার পাসপোর্টের অর্থ আমার নিশ্চিত কারাবাস।’
ইউক্রেইনের নাগরিকত্ব পাওয়া জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট কাজ চালানোর মতো ইউক্রেইনীয় ভাষা জানেন। ওডেসার সংস্কার এবং দুর্নীতি ও সংঘবদ্ধ অপরাধ মোকাবিলায় তিনি সফল হবেন, এ আস্থা থেকে পোরোশেঙ্কো তাকে দায়িত্ব দিয়েছেন বলে জানান সাকাশভিলি।
এসএইচএস/আরআই