অষ্টম শ্রেণির পর আর সিনেমা দেখেননি শুভেন্দু অধিকারী!
পশ্চিমবঙ্গের মতো সিনেমাপ্রেমী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী তিনি। কিন্তু সিনেমার সঙ্গে তার যোজন যোজন দূরত্ব। সবশেষ সিনেমাটি দেখেছিলেন অষ্টম শ্রেণির ছাত্র থাকাকালে। এরপর থেকেই রুপালি পর্দার সঙ্গে সব সম্পর্ক চুকেবুকে গেছে তার। নিজেই অকপটে স্বীকার করলেন, ‘আমি নিজে অষ্টম শ্রেণির পর আর সিনেমা দেখিনি।’
তিনি পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সিনেমা না দেখলেও চলচ্চিত্রের এক ‘মহাগুরু’র প্রতি তার শ্রদ্ধা যে অগাধ, তা স্পষ্ট হলো আজ। শনিবার (১৬ মে) কলকাতার নিউটাউনে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বাড়িতে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই মিঠুনের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। প্রায় ঘণ্টাব্যাপী দুইজন একান্তে কথা বলেন।
‘মিঠুনদা অন্য উচ্চতায়, তিনি মহাগুরু’
সিনেমা না দেখলেও মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তার আকাশছোঁয়া পরিধি সম্পর্কে বেশ ভালোভাবেই অবগত শুভেন্দু অধিকারী। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘মিঠুনদার জনপ্রিয়তা শুধু বিজেপির গণ্ডিতেই আবদ্ধ নয়, এর বাইরেও রয়েছে। আমি নিজে অষ্টম শ্রেণির পর আর সিনেমা দেখিনি। তবে মিঠুনদা অন্য উচ্চতায়, তিনি মহাগুরু। আজ বাংলায় বিজেপির ক্ষমতায় আসার নেপথ্যের আসল কারিগর মিঠুনদাই। আমি মিঠুনদার আশীর্বাদ নিতে এসেছি।’
আরও পড়ুন>>
কলকাতায়ও শুরু ‘বুলডোজার অভিযান’, গুঁড়িয়ে দেওয়া হলো চামড়ার কারখানা
যোগীর পথেই শুভেন্দু/ ধর্মীয় স্থানে মাইক বন্ধে কড়া নির্দেশ পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর
শুভেন্দুর পশ্চিমবঙ্গে বাংলাদেশি ভ্রমণকারীরা কতটা নিরাপদ?
এ রাজ্যে বিজেপির ঐতিহাসিক জয়ের পেছনে মিঠুন চক্রবর্তীর অবদান তুলে ধরে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘দল আমাকে মুখ্যমন্ত্রী করেছে। এর পেছনে যে কয়জনের অবদান রয়েছে, তাদের মধ্যে অন্যতম মিঠুন চক্রবর্তী। রাজ্যে পরিবর্তন আনার জন্য মিঠুনদা অনেক পরিশ্রম করেছেন; নিঃস্বার্থভাবে কাজ করেছেন।’
সাক্ষাৎকারের পেছনের এক আবেগঘন মুহূর্তের গল্প শুনিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘মিঠুনদা আমাকে ফোন করে বলেছিলেন যে তিনি আমার সঙ্গে দেখা করতে চান। কিন্তু আমি বলেছিলাম, আপনি কেন আসবেন? আপনার তৈরি করা মুখ্যমন্ত্রীই আপনার কাছে আসবে।’ নতুন মুখ্যমন্ত্রীর মুখে এমন বিনম্র ও সম্মানসূচক মন্তব্য শুনে আবেগ ধরে রাখতে পারেননি মহাগুরু। তিনি তখনই শুভেন্দুকে জড়িয়ে ধরেন।
ডিডি/কেএএ/