দ. কোরিয়ায় মার্স ভাইরাসে দুই জনের মৃত্যু
দক্ষিণ কোরিয়ায় মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রম (মার্স) ভাইরাসে দুই জনের মৃত্যু হয়েছে। মার্স ভাইরাসে এই প্রথমবারের মত দেশটিতে কোন প্রাণহানির ঘটনা ঘটলো। দক্ষিণ কোরিয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানায়, সোমবার শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৫৮ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। পরে ডাক্তারি পরীক্ষায় তার শরীরে মার্স ভাইরাস পাওয়া গেছে। তবে এর আগে মার্স হয়েছে এমন আশংকায় তার চিকিৎসা চলছিল।
এছাড়া ৭১ বছর বয়সী আরো এক লোকের মৃত্যু হয়েছে। কয়েকদিন আগে তার মার্স ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তিনি মঙ্গলবার মারা যান।
দ. কোরিয়ায় গত ২০ মে প্রথম মার্স রোগী শণাক্ত করা হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ ভাইরাসের সংস্পর্শে আসা মোট ৬৮২ জনকে আলাদা করে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গত সোমবার রাতে আরো ছয় জনের শরীরে মার্স ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে মার্স ভাইরাসে আক্রান্ত লোকের সংখ্যা বেড়ে হয়েছে ২৫।
এসএইচএস/পিআর