রুশ বিমান ধরতে তৎপর যুক্তরাষ্ট্র
মার্কিন আকাশসীমায় রাশিয়ার পরমাণু বোমাবহনকারী বোমারু বিমান বহরের অনুপ্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট তৎপর রয়েছে বলে জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট। খবরে বলা হয়, রুশ বিমান ধরতে সামরিক বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
এ জাতীয় তৎপরতার মাধ্যমে ইউক্রেন নিয়ে চলমান টানাপোড়েনের বিষয় ওয়াশিংটনকে মস্কো পরোক্ষ হুঁশিয়ারি দিচ্ছে বলেই মনে করছেন মার্কিন কংগ্রেসের যুদ্ধবাজ সদস্যরা।
প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালের পর থেকে এ জাতীয় ঘটনা বছরে গড়ে পাঁচটি করে ঘটলেও ২০১৪ সালে তা এক লাফে বেড়ে অন্তত ১০টিতে দাঁড়িয়েছে। নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড বা ‘নোরাড’ এর তথ্য থেকে এ বিষয়টি উঠে এসেছে বলেও জানায় ওয়াশিংটন পোস্ট।
মার্কিন কংগ্রেসের আর্মড সার্ভিস কমিটির সদস্য মাইকেল কে কোনাওয়ে রাশিয়ার এ জাতীয় তৎপরতাকে তার ভাষায় প্রচণ্ড উস্কানিমূলক বলে দাবি করেছেন।
এসকেডি/বিএ/এমএস