সারদার টাকা ফেরত দিলেন মিঠুন চক্রবর্তী
অবশেষে সারদা শিল্প সংস্থাকে টাকা ফিরিয়ে দিয়েছেন প্রখ্যাত অভিনেতা ও তৃণমূল সংসদ সদস্য মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার মিঠুনের আইনজীবীরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতরে গিয়ে ১ কোটি ১৯ লাখ ৮৮ হাজার ৫৬০ রুপির ড্রাফট জমা দিয়েছেন। খবর এনডিটিভি।
খবরে বলা হয়, সারদার একটি টিভি চ্যানেলে অনুষ্ঠান সঞ্চালনের জন্য মিঠুনের সঙ্গে ২ কোটি রুপির চুক্তি হয়েছিল সারদা গোষ্ঠীটির। চুক্তির শর্ত ছিল ৪২টি পর্বে অংশ নেবেন তিনি। এর মধ্যে ২৬টি পর্বের শুটিংও শেষ হয়েছিল। এর জন্য মিঠুন পারিশ্রমিক পেয়েছিলেন ১ কোটি ৭৬ লাখ রুপি। ওই রুপি থেকে আয়কর বাবদ কেটে রাখা অর্থ বাদ দিয়ে বাকিটা মিঠুন আজ ফেরত দেন।
সারদা কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে। এর পর ইডি মিঠুন চক্রবর্তীকে জেরাও করে। জেরার সময় তিনি জানান, পেশাগত কারণেই সারদা গোষ্ঠীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। প্রতারণার কোনো উদ্দেশ্য সেখানে ছিল না।
এএইচ/আরআই