মালালার ওপর নির্মিত তথ্যচিত্রের অফিসিয়াল ট্রেইলার


প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১৯ জুন ২০১৫

নোবেলজয়ী পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফ জাইয়ের ওপর নির্মিত তথ্যচিত্রের (ডকুমেন্টরি) অফিসিয়াল ট্রেইলার বৃহস্পতিবার ছাড়া হয়েছে। এদিন ‘দ্য ডেইলি শো’ নামের আমেরিকান একটি প্রোগামে কিশোরদের সামনে মালালা ও তার পরিবার নিয়ে তৈরি ওই ভিডিও ক্লিপটি প্রদর্শন করা হয়।

তথ্যচিত্রে পাকিস্তানে শিক্ষার জন্য মালালার জীবনযুদ্ধের বিবরণ তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রটির নাম ‘হি নেমড মি মালালা’। যা প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ডেভিস গগেনহেম নির্মাণ করেছেন।

তথ্যচিত্রে পাকিস্তানের একটি প্রতিকূল পরিবেশে মেয়েদের শিক্ষার জন্য মালালার বাবার প্রতিশ্রুতিবদ্ধতাকেও বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

মালালা ইউসুফজাই পাকিস্তানের বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষা আন্দোলনকর্মী ও ২০১৪ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। তিনি সবচেয়ে কমবয়সী নোবেল বিজয়ী হিসেবে স্বীকৃতি লাভ করেন। নারী শিক্ষার বিরুদ্ধে তালেবানদের অবস্থান নিয়ে সদা সোচ্চার মালালা।

২০০৯ সালে ১১ বছর বয়সে বিবিসি ব্লগে এ নিয়ে লিখে (গুল মাকাই ছদ্মনামে) নজর কেড়েছিল সবার। এ কারণে তালেবান প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল তাকে। মালালা ভয় না পেয়ে মেয়েদের লেখাপড়ার পক্ষে আর তালেবানের বিপক্ষে কথা বলে গেছে প্রকাশ্যে।

পরবর্তীতে নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক অ্যাডাম বি এলিক মালালাকে নিয়ে একটি ভিডিও তথ্যচিত্র তৈরি করেন। এমন ভূমিকার জন্য বেসামরিক নাগরিকদের জন্য পাকিস্তানে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছিলেন তিনি। সোয়াত উপত্যকার মিনগোরাতে ১৪ বছর বয়সী মালালা ও তার দুই বান্ধবীকে তাদের স্কুলের সামনেই গুলি করে তালেবান জঙ্গিরা।

এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।