প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই : সতর্কতা জারি


প্রকাশিত: ০৩:১৭ এএম, ২০ জুন ২০১৫

প্রবল বৃষ্টিপাতের কারণে ভারতের মুম্বাইয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার থেকে টানা  বৃষ্টির কারণে বন্ধ রয়েছে ট্রেন ও বিমান চলাচল। মুম্বাইয়ের স্কুলগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে । বৃষ্টির এই তীব্রতার কারণে সতর্কতা জারি করে মানুষকে বাড়ি থেকে বেরুতে মানা করেছে মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন।

বৃহস্পতিবার থেকেই মায়ানগরীতে শুরু হয়েছে প্রবল বর্ষণ। এ পর্যন্ত মুম্বাইতে বৃষ্টি হয়েছে ১৭০ মিলিমিটার এবং শহরতলিতে বৃষ্টি হয়েছে ১৫৫ মিলিমিটার। আগামী দুদিনও মুম্বাই ও কোঙ্কন উপকূলে ভারী বৃষ্টি হবে ও ঝড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

বৃষ্টিতে পুরোপুরি বিপর্যস্ত রেল পরিষেবা। রেললাইনে পানি জমায়, লোকাল ও দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে। বৃষ্টির প্রভাব পড়ে বিমান পরিষেবাতেও। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে সমস্ত উড়ান। প্রচুর বৃষ্টিতে বিভিন্ন ব্যস্ত রাস্তায় পানি জমে যাওয়ায়, তীব্র যানজটেরও সৃষ্টি হয়।

দুপুর ২টার পর নদী ভাঙ্গনের আশঙ্কায় অ্যালার্ট জারি করেছে মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন। মানুষকে এই বিপর্যয়ের মধ্যে ঘরেই থাকার পরামর্শ দেয়া হয়েছে। সকালেই সমস্ত স্কুল শুক্রবার বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। কলেজগুলোও তাদের পরীক্ষা, ইন্টারভিউ সহ যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ শুক্র ও শনিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এসকেডি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।