পবিত্রতা রক্ষায় রমজানে ফাঁসি কার্যকর বন্ধ রাখবে পাকিস্তান


প্রকাশিত: ০৭:০৯ এএম, ২০ জুন ২০১৫

রমজানের পবিত্রতা রক্ষায় ফাঁসির দণ্ড কার্যকর করা বন্ধ রাখার আদেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকরের এ স্থগিতাদেশ দেয়া হয়। খবর আল জাজিরা।

গত বছরের ডিসেম্বরে পাকিস্তানে পেশোয়ারের একটি বিদ্যালয়ে তালেবান জঙ্গিদের হামলায় নিহত হয় দেড় শতাধিক মানুষ। এদের বেশিরভাগই ছিল বিদ্যালয়ের শিক্ষার্থী। এরপরই মৃত্যুদণ্ড কার্যকরের ওপর ৬ বছরের বিশেষ স্থগিতাদেশ প্রত্যাহার করে পাকিস্তান। বিশেষ করে সন্ত্রাসবাদ সম্পর্কিত মামলাগুলোয় মৃত্যুদণ্ড কার্যকর পুনরায় শুরু করা হয়।

কিন্তু মার্চে সরকার সব ধরনের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত নেয়। মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ প্রত্যাহারের পর এখন পর্যন্ত দেড় শতাধিক ব্যক্তির ফাঁসির আদেশ কার্যকর করা হয়েছে।

এদিকে, যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, পাকিস্তানে বর্তমানে মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় রয়েছে আনুমানিক ৮ হাজার বন্দি, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

এসকেডি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।