ইউরোপের মতো নিরাপদ নয় যুক্তরাষ্ট্র : ট্রাম্প


প্রকাশিত: ১০:৪০ এএম, ২৮ মার্চ ২০১৬

ব্রাসেলসে সন্ত্রাসী হামলায় ৩১ জনের প্রাণহানির পর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন রিপাবলিকান দলের মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ব্রাসেলস হামলার পাঁচদিন পর সোমবার তিনি এ মন্তব্য করেছেন। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত মঙ্গলবার ব্রাসেলসের জাভেন্তাম বিমানবন্দর ও ম্যালবেক মেট্রো স্টেশনে পৃথক তিনটি বিস্ফোরণে ৩১ জন নিহত হয়। এছাড়া এ ঘটনায় আহত হয় আরো ৩৬০ জন। এদের মধ্যে ৬২ জন এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

এ ঘটনার পাঁচদিন পর ট্রাম্প বলেন, `ইউরোপে খুব, খুবই কঠিন প্রচুর সমস্যা রয়েছে, এমনকি আমেরিকাও আমেরিকানদের জন্য নিরাপদ জায়গা নয়।`

এবিসি নিউজকে তিনি বলেন, আমি মনে করি না ব্রাসেলস-ইংল্যান্ড অথবা আমি মনে করি না যে ইউরোপ নিরাপদ। না, আমি মনে করি না। আমি মনে করি ইউরোপে খুব, খুবই কঠিন অনেক সমস্যা রয়েছে।

হামলাকারীদের ধরতে ইউরোপ জুড়ে যে গ্রেফতার অভিযান শুরু হয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলো একত্রে কাজ করছে এর ফলে প্যারিস এবং ব্রাসেলস হামলাকারীদের নেটওয়ার্ক ধ্বংস করা সম্ভব হবে বলে বিশ্বাস করেন মার্কিন এই ধনকুবের।

মার্কিন এই রিপাবলিকান প্রার্থীর সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরির মন্তব্যের প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে। ব্রাসেলস হামলার পর কেরি সিবিএস নিউজকে বলেছিলেন, জনসমাগম পূর্ণ এলাকা মার্কিন নাগরিকদের এড়িয়ে চলা উচিত;  যদি তারা ইউরোপ ভ্রমণে যায়। কেননা সেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।