ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১৪ এপ্রিল ২০২৬
আদালতে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের/ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক কর্নেল (অব.) মো. আফজাল নাছের ভূঁইয়ার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তার পাঁচদিনের রিমান্ড আবেদন করে। আবেদনে বলা হয়, ২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। একই সময় পুলিশের গুলিতে বিএনপি কর্মী মকবুল হোসেন নিহত হন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়, ওই ঘটনার সময় রাজনৈতিকভাবে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি বিরোধীপক্ষ দমনে নেপথ্যে ভূমিকা রাখার অভিযোগ রয়েছে আফজাল নাছের ভূঁইয়ার বিরুদ্ধে। হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ার কথাও আবেদনে উল্লেখ করা হয়।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, জড়িতদের শনাক্ত, অস্ত্র ও অর্থের উৎস খুঁজে বের করা এবং নির্দেশদাতাদের চিহ্নিত করতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। রাজনৈতিক পটপরিবর্তনের পর এ ঘটনায় একাধিক মামলা হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়, যেখানে আফজাল নাছের ভূঁইয়া এজাহারনামীয় আসামি হিসেবে রয়েছেন।

এমডিএএ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।