ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝটিকা মিছিল, দুইজনের ৭ দিনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১১ মে ২০২৬
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত/ছবি: জাগো নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল ও সরকারবিরোধী স্লোগানের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

দুই আসামি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাফি (২৪) এবং আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত মো. রুবেল মিয়া (৩৬)।

সোমবার (১১ মে) মামলার তদন্ত কর্মকর্তা তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ মে ভোরে শাহবাগ থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে টিএসসি এলাকার রাজু ভাস্কর্যের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী জড়ো হয়ে সরকারবিরোধী প্রচারণা ও উসকানিমূলক স্লোগান দিচ্ছেন।

খবর পেয়ে শাহবাগ থানা পুলিশের একটি দল ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটে সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে ফারহান তানভীর নাফি ও রুবেল মিয়াকে আটক করা হলেও ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

অভিযানকালে আসামিদের ফেলে যাওয়া একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

এ ঘটনায় শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইন, একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রম সক্রিয় করার উদ্দেশে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, অপপ্রচার এবং উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত, পরিকল্পনাকারী ও অর্থদাতাদের খুঁজে বের করা এবং নিষিদ্ধ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মামলার নথি অনুযায়ী, ফারহান তানভীর নাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র। তিনি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করতেন বলে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে রুবেল মিয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা। পুলিশ বলছে, তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে কোন সংগঠন তা আবেদনে উল্লেখ ছিল না।

এমডিএএ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।