পল্লিচিকিৎসক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন
রাজবাড়ীর গোয়ালন্দে পল্লিচিকিৎসক রেজাউল করিম ওরফে আবু ডাক্তার হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রশীদ মোল্লা ও আদালতের বেঞ্চ সহকারী শামসুদ্দিন জুম্মন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাবলু সরদার, টোকন সরদার ও গাজীয়া সরদার। যাবজ্জীবন দণ্ড পেয়েছেন- আতর আলী সরদার, রায়হান সরদার, হবিবর রহমান ওরফে হবি সরদার, হেলাল খাঁ, জিল্লু বেপারী ওরফে কাজী ও জিয়া মণ্ডল। দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
এছাড়া, ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়। আর বিচারাধীন অবস্থায় মতিয়ার ও আলাল সরদার (মাঝি) মারা যাওয়ায় তারা মামলা থেকে অব্যাহতি পান।
আদালত সূত্র জানায়, ২০১৯ সালের অক্টোবরে রেজাউল করিমকে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা মোবারক মোল্লা গোয়ালন্দ ঘাট থানায় ৩৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
পরে মামলাটির তদন্তভার নেয় ফরিদপুর জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে ২২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
২০২২ সালের ৩০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। মামলায় মোট ৩০ সাক্ষীর মধ্যে ২৯ জন আদালতে সাক্ষ্য দেন।
এমডিএএ/একিউএফ