সেই আবেদ আলীর ছেলে সিয়ামের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পেছালো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৬ পিএম, ১২ মে ২০২৬
সৈয়দ সোহানুর রহমান সিয়াম

জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়েছেন আদালত।

আগামী ১৭ জুন মামলাটির চার্জগঠন শুনানির নতুন দিন ধার্য করেছেন ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালত।

মঙ্গলবার (১২ মে) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ এ আদেশ দেন।

এদিন মামলাটির চার্জগঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
পিএসসির সেই গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়ামের সম্পদ জব্দ

মামলার তথ্য অনুযায়ী, চলতি বছরের ৫ জানুয়ারি সৈয়দ আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী এবং ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করে দুদক। অভিযোগে বলা হয়, আবেদ আলীর বিভিন্ন ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়।

এদিকে, শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগ রয়েছে। অন্যদিকে, সিয়ামের বিরুদ্ধে প্রায় সাড়ে তিন কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। এর আগে একই মামলায় তাকে গ্রেফতার করে কারাগারেও পাঠানো হয়।

এমডিএএ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।