ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষে বৃহস্পতিবার (১৪ মে) পর্যন্ত কার্যক্রম মুলতবি করেছেন আদালত।
বুধবার (১৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষের হয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। যুক্তিতর্ক উপস্থাপন অসমাপ্ত থাকায় শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন আদালত।
প্রসিকিউশনের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উসকানি ও প্ররোচনা দিয়েছেন হাসানুল হক ইনু। ইনুর প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বিভিন্ন ধ্বংসাত্মক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করেন।
আরও পড়ুন
শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে প্ররোচনা দেন ইনু
এছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের অন্যতম শীর্ষ নেতা হিসেবে এসব অপরাধের ক্ষেত্রে তার ওপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় (সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি) বর্তায় বলেও প্রসিকিউশন যুক্তি উপস্থাপন করেছে।
গত বছরের ১ ডিসেম্বর এ মামলায় প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর আগে ২৫ সেপ্টেম্বর প্রসিকিউশন সুনির্দিষ্ট আটটি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে। একই দিন শুনানি শেষে ট্রাইব্যুনাল হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়।
২০২৪ সালের ২৬ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৪ আসনে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন।
এফএইচ/এমএএইচ/