আওয়ামী লীগ নেতা হুমায়ুনের জামিন পরবর্তী শুনানি ২১ মে
জুলাই গণ-অভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন সংক্রান্ত বিষয়ে আসামিপক্ষের শুনানি শেষ হয়েছে আজ। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২১ মে (বৃহস্পতিবার) দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৮ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ দিন ঠিক করেন। নির্ধারিত ওই দিন রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল।
জামিনের পক্ষে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার আবদুল কাইয়ুম লিটন। জামিন বহাল রাখার প্রার্থনাও জানান। রাষ্ট্রপক্ষে সময় চান প্রসিকিউটর ফারুক আহাম্মদ। এ বিষয়ে ট্রাইব্যুনালকে জানান যে এ বিষয়ে চিফ প্রসিকিউটর শুনানি করবেন। পরে আগামী বৃহস্পতিবার (২১ মে) দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।
এর আগে ১১ মে হুমায়ুন কবিরের জামিন বাতিল চেয়ে আবেদন করেন প্রসিকিউশন। গত ৪ মে তার স্বাস্থ্য প্রতিবেদন দাখিল করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগ। এছাড়া প্রসিকিউশনের পক্ষ থেকে মামলা সংক্রান্ত আরও দুটি নথি জমা দেওয়া হয়।
লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন হুমায়ুন কবির পাটোয়ারী। ২ মার্চ তার জামিন নামঞ্জুর করে আদেশ দেন ট্রাইব্যুনাল। শর্তসাপেক্ষে তাকে জামিন দেন আদালত। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ জুন নির্ধারণ করা হয়েছে।
এফএইচ/এমআইএইচএস