কমন পদে নিয়োগ বিধিমালা হালনাগাদ করতে ৮ সদস্যের কমিটি
‘মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯’ হালনাগাদ ও যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে একটি খসড়া প্রণয়নের জন্য ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৮ মে) এ কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটিকে আগামী দুই মাসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিবকে এই কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন একই মন্ত্রণালয়ের বিধি-১ শাখার উপসচিব।
৮ সদস্যের কমিটিতে সদস্য হিসেবে আরও রয়েছেন— জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ অধিশাখার যুগ্মসচিব, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব বা সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের একজন প্রতিনিধি, অর্থ বিভাগের উপসচিব বা সিনিয়র সহকারী সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উপসচিব বা সিনিয়র সহকারী সচিব এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের একজন উপ-পরিচালক।
কমিটির কার্যপরিধিতে বলা হয়, ‘মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯’ হালনাগাদ ও যুগোপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা।
আরএমএম/এমআইএইচএস/