দুদকের দুই মামলায় বিচারপতি মানিকের জামিন নামঞ্জুর
জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাচলে প্লট আত্মসাতের অভিযোগে দায়ের করা দুদকের দুই মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে শুনানি শেষে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আসামিপক্ষের আইনজীবীরা পৃথক দুই মামলায় বিচারপতি মানিকের জামিন চেয়ে শুনানি করেন। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। পরে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ সংস্থাটির উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জ্ঞাত-আয়বহির্ভূত ৫ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৮২০ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়।
অন্য মামলায় বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের স্ত্রী কাশমিরি কামাল, রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, রাজউকের সদস্য (অর্থ) মো. আবু বক্কার সিকদার, সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম, রাজউকের সাবেক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভুঁইয়া এবং রাজউকের সাবেক সদস্য আব্দুল হাইকে আসামি করা হয়েছে।
ওই মামলায় অভিযোগ করা হয়, প্রতারণার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে পরস্পরের সহযোগিতায় রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে মূল বরাদ্দপ্রাপ্ত গ্রহীতার নামে থাকা একটি প্লট আত্মসাৎ করা হয়েছে।
এমডিএএ/ইএ