ঘর পরিষ্কার রাখতে বাদ দিন এই ৫ জিনিস
বছর ঘুরতে না ঘুরতেই বাড়ির কোণায় কোণায় জমতে শুরু করে অজস্র জিনিস। প্রথমে মনে হয় এগুলো তো দরকারি! কিন্তু সময়ের সঙ্গে দেখা যায়, অর্ধেক জিনিসই ব্যবহার হয় না। ঘর ভরে ওঠে অপ্রয়োজনীয় জিনিসে। ফল? ঘর অগোছালো থাকলে মনও অস্থির থাকে।
আসলে ঘর পরিষ্কার রাখা মানে শুধু ঝাড়ু মোছা নয়, অপ্রয়োজনীয় জিনিস ছাঁটাই করাও জরুরি। খুব বেশি ভাবনা না করে নিয়ম করে পাঁচ ধরনের জিনিস বাদ দিলেই ঘর অনেকটাই হালকা ও পরিচ্ছন্ন রাখা সম্ভব।
বাক্সের পাহাড়
অনলাইনে কেনাকাটার যুগে ছোট লিপস্টিক থেকে বড় বৈদ্যুতিক সরঞ্জাম সবকিছুরই বিশাল বাক্স। অনেকেই ভাবেন, উপহার দিতে কাজে লাগবে বা ওয়ারেন্টির জন্য দরকার হতে পারে। কিন্তু বাস্তবে এই বাক্সগুলোই সবচেয়ে বেশি জায়গা দখল করে। টিভি, ফ্রিজ বা এসির বাক্স বছরের পর বছর রেখে দেওয়ার বদলে পণ্যের তথ্য ও সিরিয়াল নম্বরের ছবি তুলে রাখুন। বাক্স জমিয়ে রাখলে শুধু ধুলা আর নোংরাই বাড়ে।
মেয়াদ উত্তীর্ণ খাবার
রান্নাঘর বা ফ্রিজ খুললেই অনেক সময় চোখে পড়ে মেয়াদ পেরিয়ে যাওয়া সস, বিস্কুট, মসলা বা প্যাকেটজাত খাবার। এগুলো শুধু জায়গা নষ্ট করে না, স্বাস্থ্যঝুঁকিও তৈরি করে। মাসে অন্তত একবার রান্নাঘর পরীক্ষা করে মেয়াদোত্তীর্ণ খাবার ফেলে দিন। এতে রান্নাঘর থাকবে পরিপাটি, আর অপ্রয়োজনীয় জঞ্জালও কমবে।
প্লাস্টিকের বোতল ও কৌটা
বাজার থেকে আনা পানীয়ের বোতল কিংবা রেস্তরাঁর খাবারের কৌটো অনেকেই কাজে লাগবে ভেবে জমিয়ে রাখেন। কিন্তু ব্যবহার না হলে সেগুলোই আলমারির তাক ভর্তি করে ফেলে। প্রয়োজনের অতিরিক্ত প্লাস্টিক জমিয়ে না রেখে ব্যবহারের পর রিসাইকেল করুন বা ফেলে দিন। এতে জায়গা যেমন বাঁচবে, তেমনই পরিবেশের প্রতিও দায়িত্বশীল থাকা যাবে।
কুপন, টিকিট ও পুরোনো কার্ড
অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র, পুরনো সিনেমার টিকিট, বিল বা মেয়াদোত্তীর্ণ কুপন এসব জমতে জমতে একসময় বড় স্তূপ হয়ে যায়। বিশেষ স্মৃতি জড়ানো কিছু রাখতেই পারেন, কিন্তু বাকিগুলো নির্দ্বিধায় বাদ দিন। অকারণে জমিয়ে রাখা কাগজ শুধু আলমারির জায়গা দখল করে।
পুরোনো প্রসাধনী ও অ্যাক্সেসরিজ
শুকিয়ে যাওয়া নেলপলিশ, মেয়াদোত্তীর্ণ লিপস্টিক, রংচটা গয়না বা ব্যবহারহীন প্রসাধনী অপ্রয়োজনীয় ভিড় বাড়ায়। পুরোনো প্রসাধনী ত্বকের জন্যও ক্ষতিকর হতে পারে। তাই নিয়ম করে মেকআপ বক্স গোছান এবং মেয়াদ দেখে ব্যবহারহীন জিনিস সরিয়ে ফেলুন।
ঘর পরিষ্কার রাখার জন্য সবসময় বড়সড় রদবদল দরকার হয় না। ছোট ছোট অপ্রয়োজনীয় জিনিস নিয়ম করে বাদ দিলেই বাড়ি হয়ে উঠতে পারে হালকা, পরিচ্ছন্ন আর স্বস্তিদায়ক। মনে রাখুন, কম জিনিস মানেই কম অগোছালো, তাতেই বাড়বে মানসিক শান্তি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন:
বেসন থেকে পোকা দূর করার উপায়
সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর ট্রিক
এসএকেওয়াই/