ঘুম থেকে ওঠার পরের ৩০ মিনিট কী কী করবেন?
সকালে ঘুম থেকে ওঠার পরের কিছু অভ্যাস সরাসরি প্রভাব ফেলে শরীর ও মনের ওপর। সারাদিন শারীরিকভাবে সক্রিয় থাকা, মনোযোগ ধরে রাখা কিংবা মানসিকভাবে স্থির থাকার পেছনে সকালের প্রথম আধা ঘণ্টার ভূমিকা অপরিসীম। বিশেষজ্ঞদের মতে, এই ৩০ মিনিটই নির্ধারণ করে দেয় আপনার এনার্জি লেভেল, হরমোনের ভারসাম্য এবং কাজের প্রতি মনোযোগ। তাই প্রশ্ন ওঠে সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে কী করবেন? আসুন জেনে নেওয়া যাক কী কী করতে পারেন-
হাইড্রেশন দিয়ে শুরু করুন
৭-৮ ঘণ্টার নিরবচ্ছিন্ন ঘুম শরীরের জন্য উপকারী হলেও এই সময়টায় শরীর পানি পায় না। ফলে ঘুম থেকে ওঠার পর শরীর কিছুটা ডিহাইড্রেটেড থাকে। তাই বিছানা থেকে নামার পরপরই এক গ্লাস পানে পান করা জরুরি। চাইলে ঈষদুষ্ণ পানি বা লেবু মেশানো হালকা গরম পানি খেতে পারেন। এতে হজম প্রক্রিয়া সক্রিয় হয় এবং শরীর ধীরে ধীরে জেগে ওঠে। এই সময় চা বা কফি এড়িয়ে চলাই ভালো।
হালকা স্ট্রেচিং
মুখ ধোয়া বা গোসলের আগেই কয়েক মিনিট নিজের শরীরের দিকে মন দিন। হালকা স্ট্রেচিং করলে পেশি ও জয়েন্টের শক্তভাব কাটে, শরীর আরও ফ্লেক্সিবল হয়। মাত্র ৫-১০ মিনিটের স্ট্রেচিংও সারাদিনের জন্য শরীরকে প্রস্তুত করে দিতে পারে এবং কাজ করার এনার্জি বাড়ায়।
সকালের রোদে দাঁড়ান
সকালের নরম রোদ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে সাহায্য করে এবং মেজাজ ভালো রাখে। সম্ভব হলে অন্তত ১৫ মিনিট খোলা জায়গায় রোদে দাঁড়ান বা হাঁটুন। এই অভ্যাস শরীর ও মন-দুটির জন্যই উপকারী।
ব্যায়াম থাকুক রুটিনে
যদি পুরো ওয়ার্কআউট করা সম্ভব না হয়, অন্তত কিছুটা শরীরচর্চা করুন। সকালে ব্রিস্ক ওয়াকিং, সাইকেলিং, যোগব্যায়াম বা হালকা দৌড় সারাদিনের জন্য ফুরফুরে ভাব এনে দেয়। নিয়মিত সকালবেলার ব্যায়াম মানসিক চাপ কমায়, মন ভালো রাখে এবং কাজের প্রতি আগ্রহ বাড়ায়।
দিনের কাজ গুছিয়ে নিন
সকালের এই সময়টুকু কাজে লাগিয়ে সারাদিনের পরিকল্পনা করে নিন। কী কী কাজ করবেন, কখন কোথায় যাবেন, রান্না বা অফিসের দায়িত্ব-সবকিছু মাথায় গুছিয়ে নিলে দিন অনেক বেশি নিয়ন্ত্রিত থাকে। ব্যস্ততার মধ্যেও কাজগুলো সময়মতো শেষ করা সহজ হয়।
দিনের প্রথম ৩০ মিনিট নিজের যত্নে করলে সুস্থ, সক্রিয় ও ইতিবাচক থাকা যায়। তাই এই ছোট ছোট অভ্যাসগুলোই হতে পারে আপনার সারা দিনের সবচেয়ে বড় শক্তি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ওয়েবএমডি ও অন্যান্য
আরও পড়ুন:
শিঙাড়া খেলেও স্বাস্থ্য ভালো থাকবে
ভিন্ন ভিন্ন বয়সে হাড় মজবুত রাখতে যা খাবেন
এসএকেওয়াই/