বসন্তে স্নিগ্ধ সাজে কাটুক সারাদিন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
শাড়ি, সালোয়ার-কামিজযাই পরুন না কেন, হলুদ বা বাসন্তীর ছোঁয়া রাখুন, ছবি: মাহবুব আলম

বসন্ত মানেই স্নিগ্ধতা। রোদে হালকা সোনালি আভা, বাতাসে ফুলের গন্ধএই ঋতুতে সাজও হবে ঠিক তেমনই প্রাণবন্ত, কিন্তু ভারী নয়। এখন মিনিমাল মেকআপের ট্রেন্ড। তাই ক্লাস বা অফিস শেষে সরাসরি কোনো অনুষ্ঠানে গেলেও মুখভর্তি মেকআপের প্রয়োজন নেই। সকালের হালকা সাজেই সারাদিন সতেজ থাকা যায়,শুধু দরকার সঠিক প্রস্তুতি আর ছোট্ট কিছু টাচআপ।

পোশাকে বসন্তের রং থাকলেই লুকের অর্ধেক কাজ সেরে যায়। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া কিংবা ফ্রক-যাই পরুন না কেন, হলুদ, বাসন্তী বা লালের ছোঁয়া রাখুন। চাইলে কনট্রাস্ট হিসেবে বেগুনি, সবুজ বা গাঢ় নীল যোগ করতে পারেন। এই রংগুলোর মিশেলে তৈরি হয় প্রাণোচ্ছ্বল এক আবহ। বসন্তের আলোয় এমন রং খুব সুন্দর ফুটে ওঠে।

CHI

মেকআপ দীর্ঘস্থায়ী করতে হলে আগে ত্বক প্রস্তুত করা জরুরি। মুখ ভালো করে ধুয়ে নিন, এক টুকরো বরফ হালকা করে ঘষে নিলে ত্বক টানটান থাকে। এরপর ময়েশ্চারাইজার, সানস্ক্রিন লাগিয়ে নিন। ভেজা পাফে অল্প কমপ্যাক্ট পাউডার লাগিয়ে নিলে বেস সেট হয়ে যায়।

শেষে ফিক্সিং স্প্রে দিলে দুপুর পর্যন্ত নিশ্চিন্ত। চোখে শুধু কাজল বা পাতলা লাইনার দিলেই দিনের সাজ সম্পূর্ণ। ব্যাগে থাকা ছোট মেকআপ পাউচ থেকেবেড় হওয়ার আগে হালকা টাচআপ করে নিলেই রেডি।

চোখ বা ঠোঁট একটিতে জোর দিন। সহজে স্মোকি আই করতে পারেন শুধু কাজল বা কালো আইশ্যাডো দিয়ে। পোশাকের সঙ্গে মিলিয়ে আইশ্যাডোও লাগাতে পারেন। গালে অল্প ব্লাশ বা হাইলাইটার দিলে মুখে ফ্রেশ আভা আসে। লিপস্টিকে স্কারলেট রেড, ব্রাউন, পার্পেল, চকলেট বা পিংকের মতো শেড মানিয়ে যায়। তবে চোখ ভারী হলে ঠোঁট হালকা রাখুন। কপালে ছোট টিপ-লুককে করে তোলে সম্পূর্ণ।

RTY

বসন্তের সাজে চুলই আসল আকর্ষণ। খোঁপা, বেণি, টুইস্ট-যে স্টাইলেই বেছে দিতে পারেন। অনেকে চুল খোলা রাখতে ভালোবাসেন। খোঁপায় হলুদ গাঁদা গুঁজে নিতে পারেন, না হলে কানের পাশে ছোট ফুল। চাইলে এক পাশে ক্লিপ দিয়ে ফুল আটকে নিন। হালকা খোঁপা বা বেণিতে ফুলের মালা জড়িয়ে দিলে ফাল্গুনের আবহ তৈরি হয়। সামনের চুল একটু ব্যাককোম্ব করে ভলিউম আনতে পারেন, বা কার্ল করে নরম ঢেউ তৈরি করতে পারেন। তবে শেষ কথা যেভাবে আরাম, সেভাবেই রাখুন।

জুতায় মানানসই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। পোশাক ও পরিবেশের সঙ্গে না মিললে পুরো লুকটাই বেমানান লাগে। বর্তমানে লেডিস স্লিংব্যাক স্যান্ডেল বেশ ট্রেন্ডে। অফিস থেকে অনুষ্ঠান-দুই জায়গাতেই মানিয়ে যায় এমন সিনথেটিক টাচের ফেন্সি হিল বেছে নিতে পারেন। এতে একদিকে কমফোর্ট, অন্যদিকে স্টাইল দুটাই বজায় থাকে।

গয়নায় থাকুক মিনিমাল। ছোট ও মানানসই ডিজাইন বেছে নিন, যাতে গয়না আপনার সৌন্দর্যকে ঢেকে না দেয়। রুপা, মেটাল, মুক্তা বা পাথরের মিনিমালিস্ট জুয়েলারি সব ধরনের পোশাকেই মানায়। কুর্তি বা কামিজের সঙ্গে ছোট দুল, চেইন নেকলেস; ফরমাল স্যুটে ছোট লকেট ও ব্রেসলেট দেবে বসন্তের আসল রূপ। চাইলে হাতে পেঁচিয়ে নিতে পারেন গাঁদা ফুলের মালা। উৎসবকে আরো রাঙিয়ে তুলতে মাথায় পড়তে পারেন ফুলের টায়রা।

সব মিলিয়ে বসন্তের সাজ মানে আরাম, স্বতঃস্ফূর্ততা আর ব্যক্তিত্বের প্রকাশ। অতিরিক্ত নয়, ঠিক যতটুকু দরকার, তাতেই ফুটে উঠুক আপনার স্নিগ্ধতা।

আরও পড়ুন:
বসন্ত মানে হলুদ রং কেন? 
রূপ, স্টাইল আর গ্ল্যামারে মুগ্ধতা ছড়ানো এক অধ্যায়

এসএকেওয়াই/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।