রমজান মাস জুড়ে আদা-রসুন বাটা ভালো রাখার উপায়

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:৩৪ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

সামনেই রোজা। ইফতার ও সেহরির খাবারে স্বাদ বাড়াতে অনেকেই নানা মসলা ব্যবহার করেন। প্রায় প্রতিটি তরকারি, ডাল কিংবা মাংসের পদে আদা-রসুন বাটা ব্যবাহার হয়ে থাকে। তবে রোজার ব্যস্ততায় প্রতিদিন তাজা করে বাটা বা ব্লেন্ডার করা সম্ভব হয় না বলে অনেকেই একসঙ্গে বেশি করে বেটে সংরক্ষণ করেন। কিন্তু কয়েক দিনের মধ্যেই পেস্টের রং সবুজ বা কালচে হয়ে যায়, সুগন্ধ কমে আসে এবং স্বাদও আগের মতো থাকে না। তবে সঠিক কৌশল জানা থাকলে আদা-রসুনের পেস্ট দীর্ঘ সময় তাজা রাখা সম্ভব।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে রমজানের পুরো মাস জুড়ে আদা রসুন বাটা ভালো রাখবেন-

১. সম্পূর্ণ শুকিয়ে
আদা ও রসুনে প্রাকৃতিকভাবেই আর্দ্রতা থাকে, যা দ্রুত নষ্ট হওয়ার অন্যতম কারণ। তাই পেস্ট তৈরির আগে আদা ভালোভাবে ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। খোসা ছাড়ানোর পর পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে, যেন এক ফোঁটা পানিও না থাকে। ব্লেন্ড করার সময় অনেকেই পানি যোগ করেন, যা পেস্ট দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ায়। পানির বদলে অল্প পরিমাণ তেল ব্যবহার করাই ভালো। এতে পেস্ট মসৃণ হবে এবং সংরক্ষণও সহজ হবে।

২. লবণ ও তেলের ব্যবহার
লবণ ও তেল প্রাকৃতিক সংরক্ষণকারী হিসেবে কাজ করে। আদা-রসুন ব্লেন্ড করার সময় এক চা চামচ লবণ এবং দুই থেকে তিন চা চামচ সরিষার তেল যোগ করলে পেস্ট দীর্ঘদিন ভালো থাকে। লবণ ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমায়, আর তেল পেস্টের উপরে একটি সুরক্ষা স্তর তৈরি করে, যা বাতাসের সংস্পর্শ কমায় এবং কালচে হয়ে যাওয়া রোধ করে। ফলে স্বাদ ও ঘ্রাণ দীর্ঘ সময় অক্ষুণ্ণ থাকে।

রমজান মাস জুড়ে আদা-রসুন বাটা ভালো রাখার উপায়

৩. ভিনেগার ব্যবহার
সংরক্ষণে ভিনেগারও কার্যকর উপাদান। এক টেবিল চামচ সাদা ভিনেগার পেস্টের সঙ্গে মিশিয়ে নিলে এটি দুই থেকে তিন মাস পর্যন্ত ভালো রাখা সম্ভব। ভিনেগার পেস্টের পিএইচ মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং জারণ প্রক্রিয়া ধীর করে। ফলে পেস্টের রং ও স্বাদ সহজে পরিবর্তিত হয় না। বিশেষ করে রোজার পুরো মাস জুড়ে ব্যবহার করতে চাইলে এই কৌশলটি বেশ উপকারী।

৪.সঠিকভাবে সংরক্ষণ
পেস্ট তৈরির পর সঠিকভাবে সংরক্ষণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনো প্লাস্টিকের পাত্রে রাখবেন না, কারণ এতে গন্ধ পরিবর্তিত হতে পারে। সবসময় বায়ুরোধী কাচের বোতল বা জারে সংরক্ষণ করুন। ব্যবহার করার সময় শুকনো ও পরিষ্কার চামচ ব্যবহার করতে হবে, যাতে ভেতরে অতিরিক্ত আর্দ্রতা না ঢোকে।

৫.আইস কিউব করে
দীর্ঘ সময় সংরক্ষণ করতে চাইলে আইস কিউব ট্রেতে পেস্ট ঢেলে ফ্রিজারে জমিয়ে নিতে পারেন। জমে গেলে কিউবগুলো একটি জিপ-লক ব্যাগে রেখে ফ্রিজে সংরক্ষণ করুন। রান্নার সময় প্রয়োজন অনুযায়ী একটি কিউব বের করে সরাসরি পাত্রে ব্যবহার করুন। এতে অপচয় কমবে এবং পেস্টও দীর্ঘদিন ভালো থাকবে।

এই কয়েকটি সহজ নিয়ম মেনে চললে রোজার পুরো মাসজুড়ে আদা-রসুন বাটার ঘ্রাণ ও স্বাদ অটুট থাকবে।

সূত্র: ইন্ডিয়া টুডে, এনডিটিভি ফুড

আরও পড়ুন:
রোজার প্রস্তুতি: রান্নাঘরে এক মাসের স্টক করবেন যেসব পণ্য
চা তিতা হলে স্বাদ ফিরানোর উপায়

এসএকেওয়াই/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।