রমজানে ত্বকের যত্নে ব্যবহার করুন ঘিয়ের ফেসপ্যাক

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:২২ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: এআই

রমজান মাসে দৈনন্দিন জীবনের নিয়মে আসে বড় পরিবর্তন। ঘুম, খাবার ও কাজের সময়সূচি বদলে যাওয়ায় শরীরের পাশাপাশি ত্বকেও তার প্রভাব পড়ে। অনেকেই লক্ষ্য করেন, এ সময় ত্বক কখনো অতিরিক্ত তেলতেলে হয়ে যায়, আবার কখনো অত্যন্ত শুষ্ক ও নিস্তেজ দেখায়। নিয়মিত স্কিন কেয়ার রুটিন ঠিকভাবে অনুসরণ করাও কঠিন হয়ে পড়ে।

ভারী ক্রিম ব্যবহার করলে অস্বস্তি লাগে, আবার হালকা ময়েশ্চারাইজার অনেক সময় পর্যাপ্ত আর্দ্রতা দিতে পারে না। তাই এ সময় ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের ব্যবহার হতে পারে কার্যকর সমাধান।

ঘি এমন একটি উপাদান, যা ত্বকের গভীরে গিয়ে পুষ্টি ও আর্দ্রতা জোগাতে সাহায্য করে। তবে সরাসরি ঘি ব্যবহার করলে ত্বকে তৈলাক্ত ভাব বাড়তে পারে। সে কারণে ঘি দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করাই বেশি উপযোগী। সঠিক উপায়ে ব্যবহার করলে ঘি ত্বককে কোমল, উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে সহায়তা করে।

CFY

আসুন জেনে নেওয়া যাক ঘিয়ের প্যাক কীভাবে তৈরি করবেন -

১. ঘি ও বেসন ফেসপ্যাক
শুষ্কতা ও রোদে পোড়া ট্যানের সমস্যায় ঘি ও বেসনের ফেসপ্যাক বেশ উপকারী। বেসন ত্বকের মৃত কোষ দূর করে এবং ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। ১ চামচ বেসনের সঙ্গে ১ চা চামচ ঘি এবং ১ চিমটি হলুদ মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে প্রায় ১৫ মিনিট অপেক্ষা করতে করুন। শুকিয়ে এলে হালকা হাতে স্ক্রাব করে ধুয়ে ফেললে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল দেখাবে।

২. ঘি ও মধুর ফেসপ্যাক
অনেক সময় পানিশূন্যতার কারণে ত্বক থেকে খোসা ওঠার মতো সমস্যা দেখা দেয়। এ ক্ষেত্রে ঘি ও মধুর ফেসপ্যাক কার্যকর হতে পারে। মধু প্রাকৃতিক হিউমেকট্যান্ট হিসেবে কাজ করে, যা ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ১ চা চামচ মধুর সঙ্গে সমপরিমাণ ঘি মিশিয়ে মুখে লাগিয়ে আলতো করে গোলাকার ভঙ্গিতে মালিশ করুন। প্রায় ২০ মিনিট পর ঠান্ডাপানি দিয়ে মুখ ধুয়ে নিলে ত্বক নরম ও সজীব অনুভূত হবে।

৩. ঘি ও চন্দনের ফেসপ্যাক
যাদের ব্রণ, দাগছোপ বা ত্বকের নিস্তেজ ভাবের সমস্যা রয়েছে, তারা ঘি ও চন্দনের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। চন্দন ত্বককে শান্ত করে এবং দাগ হালকা করতে সহায়তা করে। এক চামচ ঘিয়ের সঙ্গে ১ চামচ চন্দনের গুঁড়া ও ১ চা চামচ দুধ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে মুখে লাগাতে হবে। ১৫ মিনিট পর ধুয়ে ফেললে ত্বক কোমল ও সতেজ দেখাবে।

রমজানে ত্বকের যত্নে অতিরিক্ত কিছু করার প্রয়োজন নেই, বরং নিয়মিত ও পরিমিত যত্নই যথেষ্ট। পর্যাপ্ত পানি পান, সুষম খাদ্য গ্রহণ এবং প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের পরিচর্যা করলে এই সময়েও ত্বক থাকবে সুস্থ ও উজ্জ্বল। ঘিয়ের তৈরি ফেসপ্যাক হতে পারে সহজ, সাশ্রয়ী ও কার্যকর একটি সমাধান, যা রোজার মাসেও ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, বি বিউটিফুল ইন্ডিয়া

আরও পড়ুন:
ত্বকের যত্নে কীভাবে বানাবেন সুগার স্ক্রাব, জানুন সঠিক উপায় 
ত্বকের উজ্জ্বলতায় ডিমের জাদুকরী ভূমিকা 

এসএকেওয়াই

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।