স্যুপে কর্নফ্লাওয়ার ব্যবহারের ফলে বাড়তে পারে ওজন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০:২৩ এএম, ১৫ মার্চ ২০২৬
ছবি: সংগৃহীত

 

ইফতারে স্যুপ একটি জনপ্রিয় খাবার। সারাদিন রোজা রাখার পর হালকা ও পুষ্টিকর কিছু দিয়ে ইফতার শুরু করতে অনেকেই স্যুপ বেছে নেন। শুধু রমজানেই নয়, অসুস্থ রোগীর পথ্য হিসেবেও স্যুপ বহুল ব্যবহৃত। আবার অনেকেই স্বাস্থ্য সচেতনতার কারণে বা ওজন কমানোর উদ্দেশ্যে নিয়মিত খাদ্যতালিকায় স্যুপ রাখেন।

সাধারণত স্যুপ হালকা ও তরল ধরনের খাবার, যা সহজে হজম হয় এবং শরীরকে দ্রুত শক্তি জোগায়। তবে স্যুপের স্বাদ বাড়াতে এবং একে একটু ঘন করার জন্য অনেকেই এতে কর্নফ্লাওয়ার ব্যবহার করেন।

কর্নফ্লাওয়ার মূলত ভুট্টা থেকে তৈরি এক ধরনের পরিশোধিত আটা। ভুট্টায় কিছু পুষ্টিগুণ থাকলেও কর্নফ্লাওয়ার প্রক্রিয়াজাত হওয়ার কারণে এতে তেমন পুষ্টি অবশিষ্ট থাকে না। তাই নিয়মিত স্যুপে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে তা শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

yui

কেন কর্নফ্লাওয়ার কম খাওয়া ভালো
কর্নফ্লাওয়ার মূলত পরিশোধিত কার্বোহাইড্রেট। এতে গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলক বেশি থাকে। ফলে এটি বেশি পরিমাণে বা নিয়মিত খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। বিশেষ করে যারা ডায়াবেটিসে ভুগছেন বা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে।

এ ছাড়া কর্নফ্লাওয়ারে ফাইবার বা প্রয়োজনীয় পুষ্টিগুণ খুব কম থাকে। ফলে এটি শরীরকে খুব বেশি পুষ্টি দিতে পারে না। বরং অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণের কারণে ওজন বাড়ার সম্ভাবনাও থাকে। তাই যারা ওজন কমানোর জন্য স্যুপ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে কর্নফ্লাওয়ার ব্যবহার না করাই ভালো।

স্যুপ, সস বা অন্য কোনো খাবারের ঝোল ঘন করতে কর্নফ্লাওয়ারের বদলে আরও কিছু স্বাস্থ্যকর উপাদান ব্যবহার করা যায়। এগুলো শুধু স্যুপকে ঘনই করে না, বরং খাবারের পুষ্টিগুণও বাড়ায়।

ওটসের গুঁড়া
ওটস খুবই পুষ্টিকর একটি খাবার। এতে প্রচুর ফাইবার থাকে, যা হজমে সহায়তা করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। স্যুপ ঘন করতে ওটস ব্যবহার করতে পারেন সহজেই। প্রথমে ওটস হালকা আঁচে একটু ভেজে নিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিন। এরপর সামান্য পানিতে গুলে স্যুপে মিশিয়ে দিন। সাধারণত ১-২ টেবিল চামচ ওটসের গুঁড়া দিলেই স্যুপ ঘন হয়ে যায়। এতে স্বাদের খুব বেশি পরিবর্তনও হয় না।

tyu

চিয়া বীজের গুঁড়া
স্বাস্থ্য সচেতন মানুষের খাদ্যতালিকায় এখন চিয়া বীজ বেশ জনপ্রিয়। এতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার ও বিভিন্ন পুষ্টিগুণ। চিয়া বীজ গুঁড়া করে স্যুপে ব্যবহার করলে তা ঘন হওয়ার পাশাপাশি পুষ্টিগুণও বাড়ায়। ব্যবহারের সময় একটি কাপের মধ্যে ১-২ টেবিল চামচ চিয়া গুঁড়া নিয়ে তাতে এক হাতা স্যুপ মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রণটি পুরো স্যুপে ঢেলে দিন। এতে স্যুপের স্বাদও ঠিক থাকবে।

সবজি ব্লেন্ড করে ব্যবহার
সবজি দিয়ে তৈরি স্যুপ ঘন করার সবচেয়ে সহজ উপায় হলো সেদ্ধ করা সবজি ব্লেন্ড করে নেওয়া। গাজর, কুমড়া, আলু বা ব্রকোলির মতো সবজি সেদ্ধ করে স্যুপের সঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে স্যুপ প্রাকৃতিকভাবেই ঘন হয়ে যায়। চাইলে এতে অল্প করে ভাজা বাদাম গুঁড়াও মিশিয়ে দিতে পারেন। এতে স্যুপের স্বাদ আরও বাড়বে এবং পুষ্টিগুণও বৃদ্ধি পাবে।

সূত্র: হেলথ শটস, নিউজ এইটটিন

এসএকেওয়াই 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।