ঈদে দুপুরের ও রাতের সাজ যেমন হবে
ঈদ মানেই আনন্দ-খুশি আর নতুনের ছোঁয়া। নতুন পোশাক, জুতা, ঘরের সাজসজ্জাতে থাকে উৎসবের আমেজ। তাই এই দিনে নিজেকেও গুছিয়ে-সাজিয়ে রাখা জরুরি। যদিও এখন আর অতিরিক্ত ভারী বা কেকি মেকআপ ট্রেন্ডে নেই, তবুও সবার মাঝেই থাকে উজ্জ্বল ও পরিপাটি দেখানোর ইচ্ছে।
বর্তমান সময়ে ঈদের সাজে এসেছে বড় পরিবর্তন। সময়, আবহাওয়া, আরাম ও ব্যক্তিত্ব, সবকিছু মিলিয়ে এখন সাজে গুরুত্ব পাচ্ছে স্বাভাবিকতা ও পরিমিত গ্ল্যামার।

দুপুরের নতুন করে সতেজতা
দুপুরে খাওয়াদাওয়ার পর সকালের মেকআপ তুলে ফেলা ভালো। ভালো মানের ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে, চাইলে হালকা স্ক্রাব ব্যবহার করে ম্যাসাজ করা যেতে পারে। এরপর টোনার ব্যবহার করে ত্বককে প্রস্তুত করুন এবং প্রাইমার দিয়ে মেকআপের জন্য বেস তৈরি করুন।
ত্বকের ধরন অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করে হালকা বেজ তৈরি করুন এবং প্রেসড পাউডার দিয়ে সেট করে নিন। সকালের সাজ থেকে একটু ভিন্নতা আনতে আইব্রোতে অমব্রে স্টাইল করা যেতে পারে। চোখের মেকআপ পোশাকের সঙ্গে মিলিয়ে একটু গাঢ় করুন এবং ঠোঁটেও মিল রেখে লিপস্টিক ব্যবহার করুন। গালে গোলাপি বা বাদামি ব্লাশন এবং হালকা হাইলাইটার ব্যবহার করলে মুখে সতেজ আভা আসে। এই সময় চুল হালকা কার্ল করে রাখলে লুকটি আরও স্টাইলিশ হয়।

বিকেলের সাজে টাচ-আপেই ফ্রেশ লুক
ঈদের বিকেল মানেই দাওয়াত বা ঘোরাঘুরি। এই সময় পুরো মেকআপ নতুন করে না করে ছোট ছোট টাচ-আপই এখন ট্রেন্ড। ব্লটিং পেপার দিয়ে মুখের অতিরিক্ত তেল তুলে নেওয়া, টি-জোনে সামান্য কমপ্যাক্ট ব্যবহার এবং ঠোঁটে আবার লিপস্টিক দেওয়ার মতো ছোট পরিবর্তনগুলোই মুখে নতুন ফ্রেশ ভাব এনে দেয়।
চাইলে একটু বেশি ব্লাশ বা হালকা হাইলাইটার ব্যবহার করে লুকটি আরও উজ্জ্বল করা যায়। এই ধরনের টাচ-আপ ট্রেন্ডে এখন খুব জনপ্রিয়, কারণ এতে সময় বাঁচে এবং লুক থাকে স্বাভাবিক ও সতেজ।

রাতের সাজে আভিজাত্য ও গ্ল্যামারের ছোঁয়া
ঈদের রাতে অনেক পরিবারেই থাকে বিশেষ আয়োজন। তাই রাতের সাজে অনেকেই একটু বেশি জমকালো রূপ বেছে নেন। গাঢ় ও সমৃদ্ধ রঙের পোশাক যেমন কালো, মেরুন, বেগুনি বা নীল রং গুলো রাতের আলোতে দারুণ মানায়। সিল্ক, কাতান বা বেনারসি ধাঁচের শাড়ি কিংবা ভারী কাজ করা কামিজ এই সময়ের জন্য উপযুক্ত।
গয়নায় বড় দুল, গলার হার, আংটি বা বালা পুরো সাজে আভিজাত্য এনে দেয়। তবে আরামের দিকটিও খেয়াল রাখা জরুরি। মেকআপে স্মোকি আই, গাঢ় কাজল এবং উজ্জ্বল লিপস্টিক ব্যবহার করলে মুখে আসে উৎসবের দীপ্তি। চুলের সাজে খোঁপা বা স্টাইল করা খোলা চুল রাখতে পারেন। চাইলে ফুল বা ছোট অলংকার ব্যবহার করে লুকটিকে আরও আকর্ষণীয় করা যায়।
এসএকেওয়াই