বিকেলের নাস্তায় ভিন্নতা আনুন লাজানিয়া দিয়ে
ঈদের পরের বিকেলটা অনেক সময় একটু ক্লান্তিকর হয়ে যায়। সাধারণ নাস্তা যেমন পাস্তা, নুডুলস খুব একটা আকর্ষণীয় মনে হয় না। এই সময়টা যদি নাস্তার স্বাদে একটু ভিন্নতা চান, তাহলে লাজানিয়া তৈরি করতে পারেন।
লাজানিয়া হলো একটি জনপ্রিয় ইতালীয় বেকড ডিশ, যা স্তরে স্তরে তৈরি করা হয় কিমা সস, চিজ দিয়ে। এটি তৈরি করলে ঈদের পরে বিকেলে খাবারের স্বাদে নতুন মাত্রা যোগ করবে।
আসুন জেনে নেওয়া যাক কীভাবে লাজানিয়া তৈরি করবেন-

উপকরণ
১. লাজানিয়া শিট ৮-১০টি
২. কিমা (গরু/মুরগি) ২ কাপ
৩. পেঁয়াজ কুচি ৪টেবিল চামচ
৪. রসুন কুচি ১টেবিল চামচ
৫. টমেটো পিউরি বা সস ১ কাপ
৬. অরিগানো আধা চা চামচ
৭. সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ
৮. মাখন ২ টেবিল চামচ
৯. ময়দা ২ টেবিল চামচ
১০. তরল দুধ ১ কাপ
১১. মোজারেলা ও পারমেজান চিজ আধা কাপ
১২. লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি
প্রথমে লাজানিয়া শিটগুলো লবণ ও তেল দেওয়া পানিতে ৮-১০ মিনিট সেদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে রাখুন। এর ফলে শিটগুলো নরম হবে এবং বেক করার সময় সহজে ভেঙে যাবে না।
এরপর একটি প্যানে তেল গরম করে রসুন ও পেঁয়াজ ভাজুন। কিমা দিয়ে ভালো করে কষান। কিমা সেদ্ধ হলে এতে টমেটো সস, অরিগানো ও গোলমরিচ দিয়ে ঘন সস তৈরি করুন।
হোয়াইট সস তৈরির জন্য আলাদা একটি প্যানে মাখন গলিয়ে ময়দা ভাজুন। এরপর ধীরে ধীরে দুধ দিয়ে অনবরত নাড়ুন যেন দলা না পাকিয়ে যায়। এই সসের সঙ্গে সাদা গোলমরিচের গুঁড়া, পারমেজান চিজ এবং অল্প লবণ মিশিয়ে নামিয়ে নিন।
একটি ভারী প্যান বা বেকিং ডিশে প্রথমে হালকা মাখন মাখিয়ে নিন। তার ওপরে সেদ্ধ লাজানিয়ার শিটগুলো সাজান। এরপর প্রথমে হোয়াইট সসের লেয়ার দিন, তার ওপরে রান্না করা কিমার লেয়ার এবং তার ওপরে গ্রেট করা মোজারেলা চিজ ছড়িয়ে দিন। একইভাবে লেয়ারগুলো পুনরায় সাজিয়ে নিন। সবশেষে উপর থেকে গ্রেটেড চিজ এবং অল্প অরিগানো ছড়িয়ে দিয়ে শেষ লেয়ার তৈরি করুন।
চুলায় রান্না করতে হলে প্যানটি অ্যালুমিনিয়াম ফয়েল বা ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে ৩০ মিনিট রান্না করুন, অথবা ওভেনে বেক করতে চাইলে প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ৩০-৪০ মিনিট বেক করুন। চিজ ওপরের দিক থেকে লালচে রং ধরলে লাজানিয়া নামিয়ে পরিবেশন করুন।
এসএকেওয়াই