মানসিক স্বাস্থ্যের যত্নে ঘুমানোর আগে এই ৫ কাজ করুন
দিনভর ব্যস্ততা, কাজের চাপ, অনলাইন-অফলাইনের দৌড়ঝাঁপ, সব মিলিয়ে আমাদের মস্তিষ্ক যেন সারাক্ষণই ব্যস্ত থাকে। অনেকেই রাতে বিছানায় গেলেও মাথার ভেতর চিন্তা থামে না। ফলে ঘুম আসে দেরিতে, আবার ঘুমের মানও ভালো থাকে না।
অথচ দিনের শেষে ছোট কিছু অভ্যাস বদলালেই মানসিক স্বাস্থ্যে বড় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, ঘুমানোর আগের সময়টুকু মস্তিষ্ককে শান্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের কিছু সচেতন অভ্যাস স্ট্রেস কমায়, উদ্বেগ নিয়ন্ত্রণে রাখে এবং ভালো ঘুম নিশ্চিত করে।

ঘুমানোর আগে যে কাজগুলো করবেন -
১. স্ক্রিন থেকে দূরে থাকুন
ঘুমানোর অন্তত ৩০-৬০ মিনিট আগে মোবাইল, টিভি বা ল্যাপটপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। স্ক্রিনের নীল আলো মস্তিষ্ককে জাগিয়ে রাখে, ফলে ঘুম আসতে দেরি হয় এবং মানসিক অস্থিরতাও বাড়ে।
২. দিনের চিন্তাগুলো লিখে ফেলুন
মাথায় জমে থাকা চিন্তা বা টেনশন কাগজে লিখে ফেললে মস্তিষ্ক কিছুটা রিলিজ পায়। এতে ঘুমের সময় বারবার একই চিন্তা ঘুরে বেড়ানোর প্রবণতা কমে।

৩. হালকা স্ট্রেচিং বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন
ঘুমানোর আগে কয়েক মিনিটের হালকা স্ট্রেচিং বা গভীর শ্বাস-প্রশ্বাসের অনুশীলন শরীর ও মন দুটোই শান্ত করে। এতে স্ট্রেস হরমোন কমে এবং শরীর ঘুমের জন্য প্রস্তুত হয়।
৪. একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন
প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া ও একই ধরনের কাজ করা - যেমন বই পড়া, হালকা সংগীত শোনা - মস্তিষ্ককে সংকেত দেয় যে এখন বিশ্রামের সময়। এতে ঘুম দ্রুত আসে এবং মানসিক স্থিতিশীলতাও বাড়ে।
৫. নিজের জন্য ছোট ডিজিটাল ডিটক্স সময় রাখুন
ঘুমানোর আগে কিছুটা সময় নিজের সঙ্গে কাটান - চুপচাপ বসে থাকা, প্রার্থনা করা বা কৃতজ্ঞতার বিষয়গুলো ভাবা। এতে মন ধীরে ধীরে শান্ত হয় এবং দিনের চাপ কমে আসে।

কেন এই অভ্যাসগুলো গুরুত্বপূর্ণ?
আমাদের মস্তিষ্ক দিনের অভিজ্ঞতা, আবেগ ও তথ্যগুলো রাতে প্রক্রিয়াজাত করে। যদি ঘুমের আগে আমরা অতিরিক্ত উত্তেজনা বা উদ্বেগে থাকি, তাহলে সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। ফলে পরের দিন ক্লান্তি, বিরক্তি বা মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে।
মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া মানে শুধু বড় কোনো সমস্যা হলে চিকিৎসা নেওয়া নয়, বরং প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের দিকেও নজর দেওয়া। ঘুমানোর আগের এই কয়েকটি সহজ কাজ নিয়মিত করলে ধীরে ধীরে মন শান্ত হবে, ঘুম ভালো হবে এবং সার্বিক মানসিক সুস্থতাও বজায় থাকবে।
সূত্র: হার্ভার্ড হেলথ পাবলিশিং, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন, মায়ো ক্লিনিক
এএমপি/এএসএম