গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে ভিটামিন সি-এর ফেসপ্যাক
ত্বকের প্রয়োজনীয় আর্দ্রতা বজায় রাখতে ভিটামিন সি-এর জুড়ি মেলা ভার। এটি শুধু ত্বককে হাইড্রেটেড রাখে না, বরং ত্বকের ভেতরে জমে থাকা টক্সিন দূর করে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতেও সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে চোখের নিচের কালি কমে, ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ে এবং হাইপারপিগমেন্টেশনের সমস্যাও অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তাই এখন ত্বকের যত্নে ভিটামিন সি-যুক্ত প্রসাধনীর ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে।
ভিটামিন সি কেন এত জনপ্রিয়
গরমকালে ত্বক বেশি ক্ষতিগ্রস্ত হয় রোদ, ঘাম ও দূষণের কারণে। এই সময় ভিটামিন সি ত্বকের জন্য এক ধরনের প্রাকৃতিক সুরক্ষা হিসেবে কাজ করে। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি দাগছোপ কমাতে সাহায্য করে। তাই বাজারে ভিটামিন সি-যুক্ত সিরাম, ফেসওয়াশ, ডে ও নাইট ক্রিম, ময়েশ্চারাইজার, সবকিছুই এখন বেশ জনপ্রিয়। তবে ভালো মানের পণ্য ব্যবহার করা জরুরি, না হলে উপকারের বদলে ক্ষতি হতে পারে।
যারা প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে চান, তারা ঘরেই তৈরি করতে পারেন ভিটামিন সি সমৃদ্ধ কিছু ফেসপ্যাক। এসব ফেসপ্যাক সহজলভ্য উপাদান দিয়ে তৈরি করা যায় এবং ত্বকের জন্যও নিরাপদ।

কমলার খোসা ও টক দইয়ের ফেসপ্যাক
১ চা চামচ কমলার খোসার গুঁড়া ও ১ টেবিল চামচ টক দই মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এটি ত্বকের মরা কোষ দূর করে ত্বককে নরম ও কোমল করে। পরিষ্কার মুখে এই প্যাক লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। এরপর কুসুম গরম পানি দিয়ে আলতোভাবে ধুয়ে ফেলুন। টক দই না থাকলে বেসন ও দুধ দিয়েও একই প্যাক তৈরি করা যায়।
কমলার রস ও মধুর ফেসপ্যাক
১ টেবিল চামচ কমলার রসের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে মুখে লাগান। ১০-১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বককে উজ্জ্বল করে এবং প্রাকৃতিক গ্লো এনে দেয়।
কমলার খোসা ও গ্লিসারিনের ফেসপ্যাক
গরমে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে গ্লিসারিন খুব কার্যকর। ১ চামচ কমলার খোসার গুঁড়ার সঙ্গে ২চামচ গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর হালকা হাতে মাসাজ করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
কমলার খোসা ও অ্যালোভেরার ফেসপ্যাক
১ চামচ কমলার খোসার গুঁড়ার সঙ্গে ১ চা চামচ অ্যালোভেরা জেল ও গোলাপ জল মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। ২০-২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বকের প্রদাহ কমায়, ব্রণ ও দাগছোপ দূর করতে সাহায্য করে এবং ত্বককে সতেজ রাখে। গরমে সানবার্ন কমাতেও এই প্যাক বেশ উপকারী।
ব্যবহার করার সময় সতর্কতা
ভিটামিন সি ফেসপ্যাক ব্যবহার করার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি। দিনের বেলায় ফেসপ্যাক ব্যবহার করলে ধোয়ার পর অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে, যাতে সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকের ক্ষতি করতে না পারে। এছাড়া নতুন কোনো ফেসপ্যাক ব্যবহারের আগে প্যাচ টেস্ট করা জরুরি। হাতের ভেতরের অংশে মিশ্রণটি লাগিয়ে কয়েক মিনিট রেখে দেখুন কোনো অস্বস্তি হচ্ছে কি না। সমস্যা না হলে তবেই মুখে ব্যবহার করুন।
ত্বকের যত্নে সবসময় দামি প্রসাধনী দরকার হয় না। সঠিক উপাদান এবং নিয়মিত যত্নেই ত্বক হয়ে উঠতে পারে উজ্জ্বল ও সুস্থ। ভিটামিন সি সমৃদ্ধ এই ঘরোয়া ফেসপ্যাকগুলো ব্যবহার করে সহজেই পেতে পারেন প্রাকৃতিক সৌন্দর্য।
সূত্র: ভোগ, ফেমিনা, টাইমস অব ইন্ডিয়া
- আরও পড়ুন:
ত্বকের জন্য ভাইরাল হওয়া স্কিনকেয়ার টিপসের ক্ষতিকর দিক
মেকআপের আগে প্রাইমার ব্যবহার জরুরি কেন?
এসএকেওয়াই