কেন সারাজীবন শাড়িতেই নিজেকে বেঁধে রেখেছিলেন আশা ভোঁসলে?
পুরস্কারের ঝলমলে মঞ্চ হোক কিংবা সংগীতের অনুষ্ঠান হোক আশা ভোঁসলে মানেই এক অনবদ্য শাড়ির উপস্থিতি। নিখুঁতভাবে পরা পাটভাঙা শাড়ি, তার সঙ্গে কখনো চুলে গোঁজা একটি ফুলই যেন মার্জিত সাজই তার পরিচয়ের অংশ হয়ে উঠেছিল।
আধুনিকতার ঢেউ যখন ফ্যাশনের জগতে বারবার পরিবর্তন এনেছে, তখনো কেন তিনি শাড়ির মতো ঐতিহ্যবাহী পোশাকেই নিজেকে আবদ্ধ রেখেছিলেন, এই প্রশ্ন অনেকের মনেই এসেছে।
আশা ভোঁসলে নিজেই একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, শাড়ি তার কাছে কখনোই কেবল একটি পোশাক ছিল না। বরং এটি ছিল এক নারীর ব্যক্তিত্বের সবচেয়ে সুন্দর প্রকাশ। শাড়ির ভাঁজে তিনি খুঁজে পেয়েছেন হাজার বছরের ভারতীয় সংস্কৃতির ইতিহাস, শালীনতা এবং সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন। তার কাছে শাড়ি ছিল আত্মপরিচয়ের একটি অংশ, যা তাকে তার শিকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত রাখত।

তিনি বিশ্বাস করতেন, একজন নারীর সৌন্দর্য শুধু বাহ্যিক সাজে নয়, বরং তার আত্মবিশ্বাস ও উপস্থিতির মধ্যেই ফুটে ওঠে। আর সেই আত্মবিশ্বাসকে সবচেয়ে নিখুঁতভাবে প্রকাশ করতে পারে শাড়ি। আশার ভাষায়, শাড়ি এমন একটি পোশাক যা একসঙ্গে মার্জিত, গাম্ভীর্যপূর্ণ এবং নারীত্ব। তাই তার কাছে এটি কখনোই ফ্যাশনের ক্ষণস্থায়ী ট্রেন্ড ছিল না, বরং ছিল এক স্থায়ী বিশ্বাস। তবে এই শাড়ি-প্রীতির পেছনে শুধুই সংস্কৃতি বা ব্যক্তিগত রুচি নয়, ছিল এক গভীর আবেগও।

আশা ভোঁসলে সাক্ষাৎকারে জানিয়েছেন, তার ছেলে আনন্দ তাকে সবসময় শাড়িতে দেখতে পছন্দ করতেন। ছেলের চোখে তার মা মানেই ছিলেন এক লাবণ্যময়ী শাড়ি-পরা নারী। সালোয়ার-কামিজ বা অন্য কোনো পোশাকে তাকে দেখতে নাকি আনন্দের ভালো লাগত না। এই গভীর ভালোবাসার জায়গাটিকেই গুরুত্ব দিয়েছিলেন আশা।
ছেলের সেই ভালোবাসা ও শ্রদ্ধার অনুভূতিকে সম্মান জানাতেই তিনি নিজের পোশাকের জগৎ প্রায় পুরোপুরি শাড়ির জন্যই উন্মুক্ত করে দেন।
আশা ভোঁসলের সাজসজ্জা কখনোই জটিল ছিল না। বরং তার সরলতার মধ্যেই ছিল এক অনন্য আকর্ষণ। পরিপাটি করে জড়ানো আঁচল, হালকা গয়নায় ও সামান্য উপাদান দিয়েই তিনি এমন এক পূর্ণাঙ্গ লুক তৈরি করতেন, যা ছিল একই সঙ্গে ক্লাসিক ও চিরকালীন। তিনি কখনোই ট্রেন্ডের পেছনে ছুটে বেড়াননি, বরং নিজের স্বকীয়তাকেই গুরুত্ব দিয়েছেন।

তার এই স্টাইলের বিশেষত্ব ছিল ভারসাম্যে। কোথাও অতিরিক্ত কিছু নয়, আবার কোথাও ঘাটতিও নেই। এই সহজ অথচ নিখুঁত উপস্থিতিই তাকে আলাদা করে তুলেছিল। তার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না, ছিল না সাজের বাড়াবাড়ি। বরং প্রতিটি উপস্থিতিতে তিনি ছিলেন স্বাভাবিক, সাবলীল এবং আত্মবিশ্বাসী।
সাত দশকের দীর্ঘ সংগীতজীবনে আশা ভোঁসলে নিজেকে বারবার নতুনভাবে উপস্থাপন করেছেন। গানের ধরন, কণ্ঠের বৈচিত্র্য, সুরের পরীক্ষানিরীক্ষা করলেও ব্যক্তিগত জীবনে, বিশেষ করে পোশাকের ক্ষেত্রে তিনি বেছে নিয়েছিলেন ঐতিহ্যের পথ।

রেকর্ডিং স্টুডিওর সেই স্বর্ণালি দিনগুলোতে শাড়ি ছাড়া অন্য কোনো পোশাক কল্পনাই করতে পারতেন না। যদিও বিদেশ ভ্রমণের সময় মাঝে মাঝে তার মনে হয়েছে একটু আরামদায়ক ট্রাউজার বা অন্য পোশাক পরা যেতে পারে, তবুও শেষ পর্যন্ত সেই ভাবনাকে বাস্তবে রূপ দেননি। কারণ তার কাছে শাড়ি ছিল শুধু অভ্যাস নয়, ছিল ভালোবাসা, বিশ্বাস এবং সম্পর্কের এক অদৃশ্য বন্ধন।

আশাভোঁসলের শাড়ি-প্রীতি আমাদের মনে করিয়ে দেয় যে ফ্যাশন কেবল বাহ্যিক নয়, এটি আমাদের ভেতরের অনুভূতি, সংস্কৃতি ও সম্পর্কেরও প্রতিফলন। তিনি দেখিয়ে দিয়েছেন, আধুনিক হওয়া মানেই নিজের শিকড় ভুলে যাওয়া নয়। বরং ঐতিহ্যকে সঙ্গে নিয়েই আধুনিকতা আরও সুন্দরভাবে প্রকাশ করা যায়।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
এসএকেওয়াই