লিভারের রং পরিবর্তন হয় কখন
লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শরীরের বিষাক্ত পদার্থ দূর করা, হজম প্রক্রিয়ায় সাহায্য করা এবং শক্তি সংরক্ষণের মতো নানা গুরুত্বপূর্ণ কাজ করে। কিন্তু বিভিন্ন কারণে লিভারের স্বাভাবিক অবস্থা নষ্ট হলে এর রং পরিবর্তিত হতে পারে। অনেক সময় এই পরিবর্তন গুরুতর রোগের ইঙ্গিত দিতে থাকে। তাই লিভারের রং পরিবর্তনের কারণ ও লক্ষণ সম্পর্কে জানা জরুরি।
লিভারের স্বাভাবিক রং কেমন
স্বাভাবিক অবস্থায় লিভারের রং লালচে-বাদামি হয়। রক্তের উপস্থিতি বেশি থাকার কারণে এটি এমন দেখায়। কিন্তু কোনো কারণে লিভারের গঠন বা কার্যকারিতা ব্যাহত হলে এর রঙেও পরিবর্তন দেখা যায়।
আসুন জেনে নেওয়া যাক কী কী কারণে লিভারের রং পরিবর্তন হতে পারে-
ফ্যাটি লিভাররের কারণে
তবে যখন লিভারে অতিরিক্ত চর্বি জমা হয়, তখন এর রং ধীরে ধীরে হলদেটে হয়ে যেতে পারে। এই অবস্থাকে ফ্যাটি লিভার বলা হয়। অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার, স্থূলতা বা ডায়াবেটিসের কারণে এই সমস্যা দেখা দিতে পারে।
হেপাটাইটিসের জন্য
লিভারের রং পরিবর্তনের আরেকটি বড় কারণ হলো হেপাটাইটিস। এটি একটি ভাইরাসজনিত সংক্রমণ, যা লিভারে প্রদাহ সৃষ্টি করে। হেপাটাইটিসে আক্রান্ত হলে লিভারের কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং লিভারের স্বাভাবিক রং বদলে যেতে পারে। এর সঙ্গে জ্বর, দুর্বলতা, বমি ভাব এবং চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়।
লিভার সিরোসিসের কারণে
অতিরিক্ত অ্যালকোহল গ্রহণও লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর। দীর্ঘদিন মদ্যপানের ফলে লিভারের কোষ ধীরে ধীরে নষ্ট হতে থাকে এবং লিভার শক্ত হয়ে যায়, যাকে সিরোসিস বলা হয়। এই অবস্থায় লিভারের রং গাঢ় বা অস্বাভাবিক হয়ে যেতে পারে। সিরোসিস হলে শরীরে পানি জমা, পেট ফোলা এবং সহজে রক্তপাত হওয়ার মতো সমস্যা দেখা দেয়।
ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কারণে
কিছু ক্ষেত্রে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও লিভারের ক্ষতি হতে পারে। দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক ওষুধ খেলে লিভারের ওপর চাপ পড়ে। এতে লিভারের কার্যকারিতা কমে যেতে পারে এবং রং পরিবর্তনের ঝুঁকি বাড়ে।
লিভার ক্যানসারের ঝুঁকি
লিভার ক্যানসারও একটি গুরুতর কারণ, যার ফলে লিভারের গঠন ও রং বদলে যেতে পারে। যদিও এটি তুলনামূলকভাবে কম দেখা যায়, তবে দীর্ঘদিন লিভারের সমস্যা থাকলে এই ঝুঁকি বেড়ে যায়।
যেভাবে বুঝবেন সমস্যা হয়েছে
লিভারের রং পরিবর্তন সরাসরি বাইরে থেকে বোঝা যায় না, তবে কিছু লক্ষণ দেখে সন্দেহ করা যায়। যেমন-ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া (জন্ডিস), অস্বাভাবিক ক্লান্তি, ক্ষুধামন্দা, পেট ব্যথা বা পেট ফোলা। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
লিভার সুস্থ রাখার উপায়
লিভার সুস্থ রাখতে কিছু অভ্যাস মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, অতিরিক্ত তেল-চর্বি এড়িয়ে চলা এবং পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। অ্যালকোহল গ্রহণ সীমিত রাখা বা সম্পূর্ণ এড়িয়ে চলাই ভালো। এছাড়া কোনো ওষুধ দীর্ঘদিন খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
লিভারের রং পরিবর্তন শরীরের ভেতরে চলা নানা সমস্যার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সময়মতো সচেতন হলে এবং সঠিক চিকিৎসা নিলে এসব সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
সূত্র: ক্লিভল্যান্ড ক্লিনিক, হেলথলাইন
এসএকেওয়াই