সাংবাদিক পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় ডিআরইউয়ের উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের বিশেষ প্রতিনিধি মো. মঈন উদ্দিন খানের পরিবারের সঙ্গে প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টার ঘটনায় ডিআরইউ গভীর উদ্বেগ প্রকাশ করছে। একই সঙ্গে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ডিআরইউয়ের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানান।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি পিরোজপুরে মঈন উদ্দিন খানের স্ত্রীকে ফোন করে প্রতারকচক্র নিজেকে ‘ডিবি অফিস, ঢাকা’ পরিচয় দিয়ে তার স্বামীকে গ্রেফতারের মিথ্যা তথ্য ছড়িয়ে ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে।
ডিআরইউ মনে করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণা রাষ্ট্র, আইন এবং জনগণের আস্থার ওপর সরাসরি আঘাত। এটি শুধু একজন সাংবাদিকের পরিবারের ব্যক্তিগত হয়রানির বিষয় নয়, বরং সমাজে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার শামিল।
ডিআরইউ অবিলম্বে সংশ্লিষ্ট প্রতারকদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছে।
একই সঙ্গে সংগঠনটি সাধারণ জনগণকে এ ধরনের ভুয়া ফোন কল বা হুমকির ঘটনায় বিভ্রান্ত না হয়ে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আহ্বান জানান।
এনএইচ/বিএ