ফারহানা নিশোকে নিয়ে আসিফের খোলা চিঠি
জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা ও মিডিয়া ব্যক্তিত্ব ফারহানা নিশোর পাশে দাঁড়ালেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর। বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকতা মনজুরুল আহসান বুলবুলের প্রতি খোলা চিঠি লিখেছেন। এই চিঠিতে তিনি বৈশাখী টিভির জন্য ফারহানা নিশোর অবদান তুলে ধরে তার সম্মানজনক বিদায় চাইলেন তিনি।
শ্রদ্ধেয় মনজুরুল আহসান বুলবুল
প্রধান নির্বাহী কর্মকতা, বৈশাখী টেলিভিশন।
প্রিয় বুলবুল ভাই,
যথাবিহীত সম্মান জানিয়ে বিক্ষুদ্ধ সঙ্গীতাঙ্গনের পক্ষ থেকে একটি বিষয়ে আপনার মনযোগ আকর্ষন করছি। ফারহানা নিশো বৈশাখী টিভি’র উচ্চপদস্থ কর্মকর্তা, তাকে কিছুদিন আগে অনৈতিক এবং অসম্মান জনক ভাবে বরখাস্ত করা হয়েছে। নিশোর চাকুরী থাকা না থাকা আপনাদের ম্যানেজম্যান্টের ব্যাপার।
আমরা বিষয়টি দেখছি অন্য ভাবে। নিশো বুয়েট থেকে পাশ করা আর্কিটেক্ট, সে ইচ্ছা করলেই তার সেক্টরে কাজ করতে পারতো, কিন্তু শোবিজকে ভালবেসে এই তরুণ তূর্কী ক্যারিয়ার গড়ে তুলছে আমাদের শিল্পী সমাজে। সংস্কৃতি অঙ্গনের যে কোন সেক্টরের সিনিয়র জুনিয়রদের কাছে সর্ব্বোচ গ্রহনযোগ্য নাম ফারহানা নিশো। গত পাঁচ বছরে আপনাদের বৈশাখী টিভিকে একটা পর্যায়ে তুলে এনেছে এই ফারহানা নিশো।
আমরা নিশোর সম্মানজনক প্রত্যাবর্তন কিংবা বিদায় চাই, অন্যথায় তারুন্যের অগ্রযাত্রাকে রুখে দেয়ার ষড়যন্ত্র হিসেবেই দেখা হবে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি। নিশোর ব্যাপারটির সম্মানজনক সমাধান নাহলে আমরা বৈশাখী টিভিকে বয়কট এবং বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। বৈশাখী টিভিকে আবারো লাইফ সাপোর্টে নেবেন না।
আপনি সবসময় আধুনিক মনস্ক এবং তারুণ্য প্রিয় মানুষ। আপনার কাছে সঠিক বিচার আশা করি। অন্যথায় আমরা বিষয়টিকে তারুণ্যের অগ্রযাত্রায় নতুন ধরনের ষড়যন্ত্র ভেবে নিয়েই মোকাবেলা করব। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
স্নেহধন্য
আসিফ আকবর (সঙ্গীত শিল্পী)
উল্লেখ্য, সম্প্রতি ফারহানা নিশোকে বৈশাখী টেলিভিশন থেকে বরখাস্ত করার প্রেক্ষিতেই এ স্ট্যাটাস দিয়েছেন সংগীত শিল্পী আসিফ আকবর।
# বৈশাখী টিভি থেকে বরখাস্ত ফারহানা নিশো
এএ