বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ
আজ ৩ মে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচী পালিত হবে। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ` লেট জার্নালিজম থ্রাইভ` অর্থ্যাৎ`সাংবাদিকতাকে সমৃদ্ধ হতে দাও।`
১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় `ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে` অথবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয় ৩ মে` কে। সেই থেকে প্রতি বছরই দিনটি পালিত হয় । প্রতি বছর এই দিনে সারাবিশ্বে মত প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকতায় বাধা-বিপত্তি, সাংবাদিকদের ওপর আক্রমণ, হত্যা, এদিন সবই উঠে আসে আলোচনায়।
বাংলাদেশে সাংবাদিক অধিকার ফোরামের সভাপতি খায়রুজ্জামান কামাল ও সাধারণ সম্পাদক আতাউর রহমান এক যুক্ত বিবৃতিতে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করার জন্য প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের প্রতি আহবান জানিয়েছেন।
দিবসটি উপলক্ষে শনিবার এক বিবৃতিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গণমাধ্যমের ওপর অযাচিত হস্তক্ষেপ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশ কর্তৃক সাংবাদিক নির্যাতন ও দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা, ধর্মীয় উগ্রপন্থী কর্তৃক ব্লগার হত্যা ও দুই বছর আগে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ঝুঁকির পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে।
এসএস/পিআর