জিটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তিন বছর সফলতার সঙ্গে পার করে ৪র্থ বর্ষে পদার্পণ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভি। এই উপলক্ষ্যে শুক্রবার আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয় জিটিভির এই প্রতিষ্ঠাবার্ষিকী।
রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত জিটিভির প্রধান কার্যালয়ে সারা দিনব্যাপি আনন্দ আয়োজন, মিষ্টিমুখ ও কেক কাটার মধ্যে দিয়ে উদযাপন করা হয় দিনটি। ওইদিন জিটিভি কার্যালয়ে কেক কেটে ৪র্থ বছরে পদাপর্ণের আনুষ্ঠানিক সুচনা করেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বি এন পির কেন্দ্রীয় নেতা এ বি এম মোশারফ হোসেন, যুব মহিলা লীগের সাধারন সম্পাদক অধ্যাপক অপু উকিল, সঙ্গীত শিল্পী শুভ্রদেব, সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, জিটিভির মাননীয় চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক এমপি), জিটিভির এমডি আমান আশরাফ ফায়েজসহ জিটিভির সকল কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ।
গত দেড় বছর ধরে ভিন্ন মাত্রার খেলাধুলা কেন্দ্রিক আয়োজন এবং অত্যাধুনিক সম্প্রচার প্রযুক্তির সমন্বয়ে দর্শকদের হৃদয়ে অন্যরকম জায়গা তৈরি করেছে ইতোমধ্যেই। এরই ধারাবাহিকতায় ‘সবার আগে দর্শক’ এই লক্ষ্যে জিটিভি বাংলাদেশের ইলেক্ট্রনিক মিডিয়ার ইতিহাসে বিরল এবং ভিন্নধর্মী পরিকল্পনা হাতে নেয় গত ছয়মাস ধরে।
একাধিক পরামর্শক, গবেষক এবং সৃজনশীল প্রতিষ্ঠানকে সাথে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে নানা শ্রেনী-পেশার দর্শকদের সাথে একান্ত পর্যালোচনা করে তাদের ভালোলাগা ও সময়ের গুরুত্বকে মাথায় রেখে জিটিভি নিজেকে সাজিয়েছে সম্পূর্ণ নতুন ভাবে। ‘প্রতিটি দর্শককে প্রাধান্য, সবার জন্য সাজানো’-এই মর্মে নতুন লোগো, চ্যানেলের সম্পূর্ণ পরিবর্তিত রূপ আর প্রথমবারের মতো দর্শকদের সুবিধা অনুযায়ী বিভিন্ন বিষয়ভিক্তিক অনুষ্ঠানের পসরা নিয়ে আসছে কোনো বাংলাদেশি চ্যানেল।
এবারের বর্ষপূর্তিতে চ্যানেলটিতে দর্শক পাবে বেশ নতুনত্বের ছোঁয়া। লোগো পরিবর্তনের সাথে সাথে টিভি স্ক্রীনেও একাধিক পরিবর্তন আনছে চ্যানেলটি। প্রতিষ্ঠাবার্ষিকীর দিন থেকে চ্যানেলটি সম্প্রচার শুরু করেছে একাধিক নতুন অনুষ্ঠান।
এলএ