খুলনায় সাংবাদিকদের অনশন চলছে


প্রকাশিত: ০৬:২৫ এএম, ১৬ জুন ২০১৫

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমির সম্পাদক হুমায়ূন কবির বালু হত্যা মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করার দাবিতে প্রতীকী গণঅনশন শুরু করেছেন খুলনার সাংবাদিকরা।
 
খুলনা ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে খুলনা প্রেসক্লাব চত্বরে মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া এ অনশন চলবে বিকেল ৫টা পর্যন্ত।

অনশনে খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতা ও সদস্যরা অংশ নিয়েছেন।  অনশন চলাকালে ইউনিটির সভাপতি গৌরাঙ্গ নন্দীর সভাপতিত্বে বক্তৃতা করেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু, কাজী মোতাহার রহমান বাবু, শেখ আবু হাসান, সাংবাদিক শেখ দিদারুল আলম, মো. সাহেব আলী, সুবির রায়, সোহরাব হোসেন, সিপিবির নগর সভাপতি মিজানুর রহমান বাবু, মোস্তাফিজুর রহমান, মল্লিক সুধাংশু, এইচ এম শামিমুজ্জামন প্রমুখ।  

এদিকে, একই দাবিতে সোমবার খুলনা জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে সিআইডিকে দিয়ে এ মামলার দ্রুত তদন্ত শেষ করার দাবি জানানো হয়।

২০০৪ সালের ২৭ জুন দৈনিক জন্মভূমি কার্যালয়ের অদূরে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন সাংবাদিক হুমায়ূন কবির বালু।  তিনি খুলনার পূর্ব পাকিস্তান ছাত্রলীগের শহর শাখার সাধারণ সম্পাদক ও স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন।  সাংবাদিকতায় অবদানের জন্য তিনি একুশে পদকে ভূষিত হন।

আলমগীর হান্নান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।