জমকালো আয়োজনে নাগরিক টিভির উদ্বোধন
আকাশ ভরা তারা আর তার নিচে নান্দনিক সাজে সজ্জিত মঞ্চ। চারপাশ নানা রঙের আলোতে ঘেরা। এমন জমকালো ভাবেই সাজানো হয়েছিল নাগরিক টেলিভিশন এর উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ। বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করেছে নাগরিক টিভি।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম থেকে সন্ধ্যা ৭টায় নতুন এ টিভি চ্যানেল উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আরও ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সরাসরি সম্প্রচার করা হয় উদ্ধোধনী অনুষ্ঠানটি। অনুষ্ঠানের শিরোনাম দেয়া হয় ‘স্বপ্ন সীমাহীন’।
আব্দুল্লাহ আবু সায়ীদ, সৈয়দ আবুল মকসুদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ মিডিয়া অঙ্গনের অনেক গুণীজনরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
‘স্বপ্ন সীমাহীন’ অনুষ্ঠানে ‘আনিসুল হক ফাউন্ডেশন’ ঘোষণা করা হয়। এ ফাউন্ডেশন থেকে প্রতিবছর নগর উন্নয়ন, শিক্ষা, মিডিয়া আর নতুন উদ্যোগে অবদান রাখায় সম্মাননা দেয়া হবে। এ বছর সম্মাননা দেয়া হলো টিভি ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার, ফেরদৌসী রহমান, ফেরদৌসী মজুমদার, মুস্তাফিজুর রহমান, মোস্তফা কামাল সৈয়দ আর আবদুল্লাহ আবু সায়ীদকে। তাদের হাতে সম্মননা তুলে দেন রোমানা হক।
এদিকে নাচ, গান, আবৃত্তি, মঞ্চ নাটক নানা আয়োজন চলতে থাকে। প্রাচ্য নাটের নাটক মঞ্চায়ন হয়। সুবর্ণা মুস্তাফা কবিতা আবৃত্তি করেন। কলকাতার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্রর তত্ত্বাবধানে ১০০ শিল্পীর পরিবেশনায় ছিল গণসংগীত। গত শতকের পঞ্চাশ দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ১০টি উল্লেখযোগ্য গণসংগীত নিয়ে প্রদর্শন হয় এ পরিবেশনা। আরও ছিল আরমিন মুসার পরিচালনায় রবীন্দ্রসংগীত ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানটির পরিবেশনা।
কী কী অনুষ্ঠান দিয়ে চলবে নাগরিক টিভি ? জানা গেল সেটাও। বর্তমানে নাগরিক প্রচার করবে চারটি ধারাবাহিক নাটক। এগুলো হচ্ছে শিহাব শাহীন পরিচালিত ‘লিপস্টিক’, আনিসুল হকের লেখা ও আলভী আহমেদের পরিচালনায় ‘শ্বশুর আলয় মধুর আলয়’, রেদওয়ান রনি পরিচালিত ‘ক্যান্ডি ক্রাশ’ আর মাইনুল হাসান খোকন পরিচালিত ‘আমি তুমি সে’।
এরপর নাগরিক টিভিতে পর্যায়ক্রমে প্রচার করা হবে সরাসরি গানের অনুষ্ঠান ‘নাগরিক ক্যাফে’, দুই বাংলার অভিনয়শিল্পীদের অংশগ্রহণে নাচের প্রতিযোগিতা নিয়ে ‘বাজলো ঝুমুর তারার নূপুর’, কার্টুন সিরিজ ‘সুপারম্যান’, স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘দেহঘড়ি’, ঝটপট রান্না এবং বিভিন্ন অঙ্গনের সেলিব্রিটিদের আড্ডার অনুষ্ঠান ‘মারিয়ার রান্নাঘর’, ভ্রমণ নিয়ে গেম শো ‘সোলেমান হাজারি’, অনিমেষ আইচ পরিচালিত ‘জোছনাময়ী’, ফেরদৌস হাসান পরিচালিত ‘একপা দুপা’সহ বিভিন্ন অনুষ্ঠান।
নাগরিক টিভির প্রধান নির্বাহী আবদুন নূর তুষার বলেন, ‘আমরা একটা টেলিভিশন করতে চাই। যেটা হবে সব মানুষের। আমরা দর্শকের সঙ্গে থাকবো ও তাদের মনের মতো করে তাদের পরামর্শ নিয়ে আমাদের অনুষ্ঠানমালা সাজাবো। ফেসবুক, টুইটার, ইন্সট্রগ্রাম সব মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানান অনুষ্ঠান নিয়ে। টেলিভিশনের বদলে যাওয়ার গল্পটা আমরাই বলতে চাই।’
এমএবি/এএইচ/পিআর