জাতীয় প্রেসক্লাবের সম্মাননা পেলেন দুই নারী গণমাধ্যমকর্মী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৫৮ পিএম, ০৮ মার্চ ২০১৮

গণমাধ্যমে অন্যন্য অবদানের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক নারী দিবসে দুই গণমাধ্যমকর্মীকে সম্মাননা দিয়েছে জাতীয় প্রেসক্লাব। তারা হলেন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন এবং বেগম পত্রিকার প্রথম নারী আলোকচিত্রী সাঈদা খানম।

সাঈদা খানম নিজে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন। তাসমিমা হোসেন দেশের বাইরে থাকায় অন্য কোনো অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননাস্মারক তুলে দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘নারীর অগ্রগতিতে গণমাধ্যম’ শীর্ষক সম্মাননা ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ এ দিবসের অনুষ্ঠানে বেগুনি রঙের আভায় উদ্ভাসিত হয়ে উঠেছিল জাতীয় প্রেসক্লাব।

ক্লাবের মূল ভবনের প্রবেশপথে অসংখ্য বেগুনি রঙেরর বেলুনে গেট সাজানো হয়। দোতলায় পা রাখতেই চোখে পড়ে বিভিন্ন গণমাধ্যম কর্মীর পরনে বেগুনি রঙের শাড়ি। ভেতরে হলরুমের চারপাশে বেগুনি বেলুন ঝুলছে, ফুলে ফুলে সজ্জিত হেডটেবিলের পেছনের ব্যানারে বেগুনি কাপড়ের ওপর হলুদ কালো সবুজ রঙেরর মিশেলে লেখা জাতীয় প্রেসক্লাব, আন্তর্জাতিক নারী দিবস ‘নারীর অগ্রগতিতে গণমাধ্যম’ সম্মাননা ও অভিজ্ঞতা বিনিময়।

অনুষ্ঠানে ‘নারীর ক্ষমতায়নে গণমাধ্যমের সংবেদনশীলতা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ও নারী অধিকারকর্মী দিল মনোয়ারা মনু। জাতীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, দৈনিক মানবজমিনের সম্পাদক ও প্রকাশক মাহবুবা চৌধুরী, উইমেন জার্নালিস্ট ফোরামের সভাপতি মমতাজ বিলকিস বানু, সিনিয়র সহ-সভাপতি রোজী ফেরদৌস, কার্যনির্বাহী সদস্য রোজিনা ইসলাম, চ্যানেল আইয়ের পরিচালক কনা রেজা, ইয়ং চেম্বার অব কমার্স ইন্টারন্যাশনালের সভাপতি রাজু আলীম প্রমুখ।

এমইউ/জেডএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।