ইরান-ইসরায়েল সংঘাত

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ১১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৯ এএম, ২৪ জুন ২০২৫

ইরান-ইসরায়েলের সংঘাতের জেরে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ রাখায় বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মধ্যপ্রাচ্যের এই চারটি দেশের অন্তত ১১টি ফ্লাইট তাদের নির্ধারিত যাত্রা বাতিল করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

তবে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষের দাবি, ফ্লাইটগুলো বাতিলের পর তারা যাত্রীদের ঢাকার বিভিন্ন হোটেলে রেখেছেন। এখন ফ্লাইটগুলো রিশিডিউলের কাজ চলছে। শিগগির তারা আবার যাত্রা শুরু করবেন।

সোমবার (২৩ জুন) রাতে কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে ইরান হামলা চালায়। তখন নাগরিক, অধিবাসী ও ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা তথা আগমন ও বহির্গমন, দুই ধরনের ফ্লাইটই স্থগিত করে।

পরে সোমবার রাতে পাঠানো এক বিবৃতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ঢাকা থেকে সব ধরনের ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। এই সিদ্ধান্তের ফলে সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইনগামী যাত্রীদের ওপর।

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়,ঢাকা থেকে পরিচালিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস- বাংলা এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ফ্লাইদুবাই, কুয়েত এয়ারওয়েজ, গালফ এয়ারসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করেছে। এ অবস্থায় নির্ধারিত যাত্রার আগেই এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এরমধ্যে যেসব ফ্লাইট মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করেছিল সেগুলো আবার ঢাকায় ফিরে এসেছে।

যদিও মধ্যরাতে মধ্যপ্রাচ্যের ওই দেশগুলো আকাশসীমা খুলে দিয়েছে। এখন ওই চারটি দেশে ফ্লাইট চলাচল স্বাভাবিক আছে।

জানতে চাইলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মাহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, গতকাল রাতে তাদের তিনটি ফ্লাইট কাতারসহ মধ্যপ্রাচের কয়েকটি দেশে যাওয়ার কথা ছিল। এর মধ্যে একটি ফ্লাইট আহমাদাবাদ বরাবর গিয়ে আবার ঢাকা ফিরেছে। এসব ফ্লাইটের যাত্রীদের হোটেলে রাখা হয়েছে। তাদের যাত্রার জন্য ফের ফ্লাইট শিডিউলের কাজ চলছে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জাগো নিউজকে বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে শারজাহ, বাহরাইন, কুয়েত, দোহা, আবুধাবি ও দুবাই রুটে যাতায়াতকারী বেশ কিছু ফ্লাইট নির্ধারিত সময় অনুযায়ী পরিচালনা করা সম্ভব হয়নি।

এরমধ্যে শারজাহগামী এয়ার এরাবিয়ার ২টি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি; দুবাইগামী এমিরেটস এয়ারলাইন্সের ১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি; কুয়েতগামী জাজিরা এয়ারওয়েজের ২টি; দোহাগামী কাতার এয়ারওয়েজের ২টি, বাংলাদেশ বিমানের ১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি। এসব ফ্লাইট পর্যায়ক্রমে পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী যাত্রা শুরু করেছে। এমতাবস্থায় যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্সের অফিস বা হটলাইন নম্বরে যোগাযোগ করে তাদের ভ্রমণ সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

এ ছাড়া ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে পরিচালিত ফ্লাইটসমূহ যথারীতি নির্ধারিত সময় অনুযায়ী পরিচালিত হচ্ছে। যাত্রী সাধারণের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।

এমএমএ/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।