রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্টেডিয়ামের সামনে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৬০) এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাব্বির হোসেন জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামের সামনে রাস্তা পারাপারে সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।
কাজী আল-আমিন/জেএইচ/এএসএম