চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান ক্যাবের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ চার দফা দাবিতে চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীদের চলমান অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটি।

আগামী ১৮ বা ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনার প্রেক্ষাপটে চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ক্যাব চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটি। এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

রোববার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান ক্যাব নেতারা।

বিবৃতিতে বলা হয়, রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্য আমদানিতে এ বছর ভালো অগ্রগতির আভাস ছিল এবং নিত্যপণ্যের দাম সহনীয় থাকবে এমন আশা করা হচ্ছিল। কিন্তু বন্দরকেন্দ্রিক অনির্দিষ্টকালের কর্মবিরতি অসাধু ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি করছে, যা বাজারে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির ঝুঁকি বাড়াবে।

বিবৃতিতে সই করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, দক্ষিণ জেলা সভাপতি আলহাজ আবদুল মান্নান এবং ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগর সভাপতি আবু হানিফ নোমানসহ অন্যরা।

নেতারা বলেন, নির্বাচনের আগে টানা ছুটি ও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে রমজানের আগের সময়ে কর্মদিবস কমে গেছে। এর মধ্যে বন্দরকেন্দ্রিক কর্মবিরতি শুরু হলে আমদানি পণ্য খালাসে মারাত্মক বিঘ্ন ঘটবে। এতে ছোলা, ডাল, তেল, চিনি ও খেজুরসহ রমজানে ব্যবহৃত নিত্যপণ্যের দাম বাড়ার ঝুঁকি তৈরি হবে।

তারা অভিযোগ করেন, প্রতিবছরই একটি চক্র রমজানকে সামনে রেখে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে। বন্দর কার্যক্রম বন্ধ থাকলে মজুতদার ও অসাধু ব্যবসায়ীরা সেই সুযোগ নেবে এবং ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের প্রাক্কালে বন্দর ইস্যুতে আন্দোলনের যৌক্তিকতা নেই। শ্রমিক-কর্মচারীরা চাইলে নির্বাচিত সরকারের কাছে তাদের দাবি উত্থাপন করতে পারেন। রমজানের আগে বাজার স্থিতিশীল রাখতে জনস্বার্থে কর্মবিরতি থেকে সরে আসার আহ্বান জানায় ক্যাব।

এমআরএএইচ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।