ভোট সুষ্ঠু হওয়ায় শুক্রবার সব মসজিদে বিশেষ দোয়ার অনুরোধ ইসির

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন কমিশন- ইসি

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি নির্বাচন সুষ্ঠু হওয়ায় আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানিয়েছে ইসি।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া অন্যান্য উপাসনালয়েও সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন
চূড়ান্ত ফল ঘোষণার পরও শ্রদ্ধাবোধ অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার 
এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতিতে সমস্যা নেই: ইসি সচিব 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে সার্বিক সহযোগিতা প্রদান করায় বাংলাদেশ নির্বাচন কমিশন সব রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী, ভোটারসহ দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে আগামীকাল শুক্রবার বাদজুমা সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষে চলছে গণনা। সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ।

এসএম/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।