নৈতিকতার প্রশ্নে কখনও আপস করিনি: বাণিজ্য উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৭ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

 বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনও আপস করিনি।’

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত উপদেষ্টার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বশিরউদ্দীন বলেন, ‘আপনাদের সম্পর্কে অসম্ভব খারাপ ধারণা নিয়ে এসেছিলাম। আজ আমি গ্র্যাটিচিউড নিয়ে ফিরে যাচ্ছি। আমি মনে করি, আপনারা দেশের সম্পদ। সঠিক নেতৃত্ব থাকলে আপনারা (কর্মকর্তারা) কাজ করতে পারেন, সেটাই আপনারা প্রদর্শন করেছেন।’

উপদেষ্টা বলেন, ‘২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থান আমাদেরকে যে পরিবর্তন এনে দিয়েছে, সেই পরিবর্তনটা আপনাদের আচরণে আসতে হবে। কেউ অনায্য কাজ করাতে চাইলে আপনাদের বলতে হবে যে এটা সম্ভব না। অথবা বিনয়ের সঙ্গে বলতে হবে, এভাবে কাজটা হওয়া উচিত।’

তিনি বলেন, ‘আমি নিশ্চিত ১৮ তারিখ নতুন নেতৃত্ব আসার দিনটি হবে বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য উদযাপনের। তাকে (মন্ত্রী) যে নেতৃত্ব দেখাতে হবে, সেই কাজে তাকে দয়াকরে সহায়তা করবেন। তার সঙ্গে দ্বিমত পোষণ করতে চাইলে দয়া করে করুন, কিন্তু তাকে বলুন।’

উপদেষ্টা বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনও আপস করিনি, কখনও করবোও না। বাংলাদেশের জন্য কাজ করেছি—আমাদের সন্তানদের জন্য কাজ করেছি। এ কাজে মন্ত্রণালয়ের সকল উইং ও দপ্তর সংস্থা কালেক্টিভলি কাজ করতে পেরেছি। এ সুখস্মৃতি নিয়ে আমি এখান থেকে আমার কাজে ফিরে যেতে পারছি।’

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব রপ্তানি মো. আব্দুর রহিম খান ও এফটিএ আয়েশা আক্তার, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেজবাহ উদ্দিন আহমেদ এবং প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসান উপস্থিত ছিলেন।

এনএইচ/আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।