শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে পৌনে ৪ কোটি টাকার বিদেশি মুদ্রা জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর/ফাইল ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে পৌনে ৪ কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে সিআইআইডি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিমানবন্দরে অভিযান চালিয়ে ব্যাংককগামী বিএস-২১৭ ফ্লাইটের যাত্রী রফিকুল ইসলামের লাগেজ থেকে সুকৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। তার কাছ থেকে ৪ লাখ ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল, ২৪ হাজার ইউরো, ৩০ হাজার ৫০ পাউন্ড এবং ৭ হাজার ৮৪১ থাই বাথ জব্দ করা হয়। বাংলাদেশি মুদ্রায় যার আনুমানিক মূল্য ২ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৪০ টাকা।

এছাড়া একই ফ্লাইটের আরেক যাত্রী আল আমিন মোল্লার লাগেজ তল্লাশি করে ৪ লাখ ৮৫ হাজার সৌদি রিয়াল এবং ২ হাজার ১১০ থাই বাথ জব্দ করা হয়। এসব মুদ্রার আনুমানিক মূল্য ১ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৭৪৭ টাকা।

দুই যাত্রীর কাছ থেকে জব্দ করা মোট বৈদেশিক মুদ্রার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ৮০ লাখ ৪৩ হাজার ৭৮৭ টাকা বলে জানিয়েছে সিআইআইডি।

সিআইআইডি জানায়, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অর্থপাচার, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান অভিযানের অংশ হিসেবে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযান রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বৈধ বাণিজ্য ব্যবস্থাকে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এসএম/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।