নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে নিজ জেলা বগুড়ায় চান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ০৯ মার্চ ২০২৬
নেসকোর প্রধান কার্যালয়/ছবি: সংগৃহীত

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় নিজ জেলায় নিয়ে যেতে চান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ বিষয়ে জরুরি উদ্যোগ তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে একটি আধা সরকারি (ডিও) চিঠি দিয়েছেন তিনি।

এরপর সম্ভাব্যতা যাচাইয়ে একটি কমিটিও করেছে মন্ত্রণালয়। কমিটিকে আগামী এক মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য।

গত ২৬ ফেব্রুয়ারি মন্ত্রীকে দেওয়া ডিও লেটারে প্রতিমন্ত্রী লিখেছেন, ‘নেসকোর অপারেশনাল এরিয়া উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা সদর থেকে দক্ষিণ-পশ্চিমের চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং পূর্ব-দক্ষিণের পাবনা জেলা। এর সদর দপ্তর দক্ষিণের জেলা রাজশাহীতে হওয়ায় রংপুর বিভাগের অপারেশনাল সব কাজ যথাযথভাবে যথাসময়ে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। ফলে নেসকোর সার্বিক অপারেশনাল কাজে বিঘ্ন ঘটছে। রাজশাহী ও রংপুর বিভাগের মধ্যবর্তী স্থান বগুড়া জেলায় নেসকোর সদর দপ্তর প্রতিস্থাপন করা হলে সার্বিক অপারেশনাল কাজে গতি আসবে।’

আরও পড়ুন
মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি 
পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩ 
ফিলিং স্টেশনের নিরাপত্তায় পুলিশি টহল নিশ্চিতে বিপিসির চিঠি

চিঠিতে তিনি আরও লেখেন, ‘বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার, ব্যয় সাশ্রয়, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং গ্রাহকসেবার মানোন্নয়নের স্বার্থে নেসকোর হেড অফিস বগুড়ায় স্থানান্তর একটি সময়োপযোগী ও কৌশলগত সিদ্ধান্ত হবে বলে আমি গভীরভাবে অনুভব করি। এ বিষয়ে অবিলম্বে নীতিগত অনুমোদন প্রদান ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য আপনার সদয়, জরুরি ও ইতিবাচক সিদ্ধান্ত একান্তভাবে কামনা করছি।’

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পক্ষ থেকে এমন চিঠি পেয়ে ৩ মার্চ বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব ফারজানা খানম সম্ভাব্যতা যাচাইয়ে একটি কমিটি করে দিয়েছেন। এর আহ্বায়ক করা হয়েছে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (সমন্বয় অনুবিভাগ) মোহাম্মদ সানাউল হককে। এছাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন প্রতিনিধিকে সদস্য রাখতে বলা হয়েছে। ফারজানা খানমের এই চিঠিতেও সূত্র হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পাওয়া চিঠির স্মারক নম্বর উল্লেখ আছে।

বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব ফারজানা খানম গণমাধ্যমকে বলেন, ‘একটা ডিও লেটারের পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি করা হয়েছে। কমিটি এক মাস এ ব্যাপারে কাজ করবে। তারপর সুপারিশসহ প্রতিবেদন দেবে। সেটার পর সিদ্ধান্ত।’

এনএস/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।