স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদ অধিবেশন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ এএম, ১২ মার্চ ২০২৬
জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে/ছবি: সংসদ টিভির সৌজন্যে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হয়। প্রথম দিনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তবে স্পিকারের চেয়ার শূন্য রেখেই প্রথম অধিবেশনটির সূচনা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হতে যাচ্ছে সংসদের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এছাড়া নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথও পড়াবেন তিনি।

সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, সংসদ নেতা তারেক রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে এ অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

ওই বক্তৃতায় তিনি কোনো একজন সংসদ সদস্যকে অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করার আহ্বান জানান এবং সেই সভাপতির সভাপতিত্বেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।

বাংলাদেশের বিদ্যমান সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, বিদায়ী সংসদের স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করার কথা।

২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছিলেন শিরীন শারমিন চৌধুরী। আর ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন শামসুল হক টুকু। কিন্তু ওই বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সংসদের স্পিকারের পদ থেকে পদত্যাগ করেছেন শিরীন শারমিন চৌধুরী। অন্যদিকে, মামলার আসামি হয়ে কারাগারে আছেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

এ অবস্থায় নতুন সংসদ অধিবেশনের সূচনায় সভাপতিত্ব কে করবেন, তা নিয়ে শুরু থেকেই কৌতূহল ছিল। ধারণা করা হচ্ছিল, অধিবেশন শুরুর আগের দিন সরকারি দলের সংসদীয় দলের সভায় এ বিষয়টি চূড়ান্ত হতে পারে।

তবে গতকাল বুধবার অনুষ্ঠিত ওই সভায় অধিবেশনের প্রারম্ভিক সভাপতি এবং নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার—এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ভার সংসদ নেতা তারেক রহমানের ওপর ছেড়ে দেওয়া হয়।

সূত্র: বিবিসি বাংলা

এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।